মুক্তিযোদ্ধার আমনের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক মুক্তিযোদ্ধার খেতে রোপণ করা আমন ধানের চারা রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী সূত্র জানায়, কালিপুর গ্রামের মুক্তিযোদ্ধা কৃষক আ. ছালাম হাওলাদার শ্রমিক নিয়ে কয়েক দিন আগে নিজের এক একর ৯০ শতক জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। বৃহস্পতিবার রাতের আঁধারে ওই জমিতে দুর্বৃত্তরা হানা দিয়ে সব চারা উপড়ে নষ্ট করে ফেলেছে। কিছু চারা জমির কাদামাটিতে মিশিয়ে দিয়েছে তারা। একই সঙ্গে চাষ করা ওই জমিও নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা।
আ. ছালাম হাওলাদার জানান, তিনি গত শুক্রবার সকালে জমিতে গিয়ে উপড়ে ফেলা চারা পানিতে ভাসতে দেখেন। আবার বেশ কিছু চারা মাটির সঙ্গে মিশিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তাঁর অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম এফ হাবিবুর রহমান বলেন, ‘এভাবে রাতের আঁধারে একজন মুক্তিযোদ্ধার খেতের ফসল নষ্ট করার ঘটনার আমরা নিন্দা করি ও প্রতিবাদ জানাই।’