মুক্তিযোদ্ধার ইন্তেকাল, লাশ দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় ছত্তার ফকির নামের একজন মুক্তিযোদ্ধা গতকাল রোববার ভোরে ইন্তেকাল করেছেন। কিন্তু তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালার অবহেলার কারণে ছত্তার ফকির রাষ্ট্রীয় মর্যাদায় দাফনবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একাত্তরের রণাঙ্গনে ছত্তারের সহযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।

 ছত্তার ফকিরের (৮০) বাড়ি উপজেলার আটিপাড়া গ্রামে। তাঁর ছেলে সিরাজুল হক প্রথম আলোকে বলেন, তাঁর বাবা গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছত্তারকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তাঁর বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ সমরে লড়াই করেছেন। মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ রয়েছে। তিনি সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেতেন।

সিরাজুল আরও বলেন, তিনি কার্যালয়ে গিয়ে ইউএনওকে তাঁর বাবা মারা যাওয়ার বিষয়টি অবহিত করেন। রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের দাবি জানান। কিন্তু ইউএনও অপারগতা প্রকাশ করে বলেন, তাঁর (ছাত্তার) বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তখন তিনি (সিরাজুল) ইউএনওকে বলেন, ভারতীয় তালিকাভুক্ত ও লাল বহিভুক্ত মুক্তিযোদ্ধাদের কোনো যাচাই-বাছাইয়ের সরকারি নির্দেশনা নেই। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ইউএনওর ‘খামখেয়ালিপনার’ কারণেই তাঁর বাবার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো না।

নাম প্রকাশ না করে একাধিক মুক্তিযোদ্ধা বলেছেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার তালুকদারের সঙ্গে ছত্তার ফকিরের বিরোধ ছিল। দেলোয়ার কিছুদিন আগে ইউএনওর কাছে ছত্তার মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মৌখিক অভিযোগ দিয়েছিলেন।

দেলোয়ার তালুকদার বলেন, ‘ছাত্তার ফকির রাজাকার ছিলেন, তা আমরা জানি। তবে তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। আমি তাঁর বিরুদ্ধে কারও কাছে অভিযোগও করিনি।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বরিশাল-২ আসনের সাবেক সাংসদ আ. ওয়াদুদ সরদার বলেন, ছত্তার ফকির একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ষড়যন্ত্র করে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো না।

বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার আলী শরীফ, মুক্তিযোদ্ধা কুদ্দুস, কাজী মোশারেফ হোসেন, আ. রহিম সরদারসহ সহযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছত্তার ফকির আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদাবঞ্চিত করে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. হারুন অর রশিদ বলেন, ‘মুক্তিযোদ্ধা ছত্তার ফকির মারা যাওয়ার পর গতকাল সকালেই আমি বিষয়টি লিখিতভাবে ইউএনও ঝুমুর বালাকে অবহিত করেছি।’

তবে জানতে চাইলে ইউএনও ঝুমুর বালা বলেন, ‘মুক্তিযোদ্ধা ছত্তার ফকির মারা যাওয়ার বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাকে অবহিত করা হয়নি। এমনকি পরিবারের পক্ষ থেকেও জানানো হয়নি। আমাকে না জানিয়ে তাঁরা লাশ দাফন সম্পন্ন করেছেন।’