মুক্তিযোদ্ধার কবর ভাড়া!
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে ছিল এক মুক্তিযোদ্ধার কবর। তিন বছর আগে সেই কবরের ওপর একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার স্থাপন করা হয়। ইউপি চেয়ারম্যান কবরের জমিটি মুঠোফোন কোম্পানির কাছে মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাউতা ইউনিয়নের গুলাটিকর গ্রামের কুতুব উদ্দিন পাকিস্তান আমলে ইপিআরে হাবিলদার পদে চাকরি করতেন। একাত্তরে স্বাধীনতা ঘোষণার ডাক শোনে চাকরি ছেড়ে পালিয়ে আসেন, যোগ দেন মুক্তিযুদ্ধে। ৪ নম্বর সেক্টর বারপুঞ্জির অধীনে বেশ কয়েকটি অভিযানে অংশ নেন। একাত্তরের ১০ আগস্ট বড়লেখার লাতু (বর্তমানে শাহবাজপুর) রেলস্টেশন মুক্ত করতে ক্যাপ্টেন রবের নেতৃত্বে এক অভিযানে যোগ দেন কুতুব উদ্দিন। যুদ্ধে শহীদ হন তিনি। সঙ্গী যোদ্ধারা প্রাণ বাঁচাতে কুতুব উদ্দিনের লাশ ফেলেই পালিয়েছিলেন সেদিন। দেশ স্বাধীন হওয়ার পর লাতুর সেই চিহ্নিত স্থান থেকে শহীদ কুতুব উদ্দিনের কঙ্কালের বিচ্ছিন্ন কিছু হাড়গোড় কুড়িয়ে এনে জানাজা করে লাউতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কবর দেওয়া হয়। কুতুব উদ্দিনের সহযোদ্ধা লাউতা ইউনিয়নের তোতা মিয়া জানান, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এখন যেখানে টাওয়ার স্থাপন করা হয়েছে তার ঠিক নিচেই শহীদ কুতুব উদ্দিনের হাড়গুলো কবর দেওয়া হয়েছিল। অপর সহযোদ্ধা লাউতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার ফলিক আলী প্রথম আলোকে বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর আমরা কয়েকজন লাতুতে গিয়ে চিহ্নিত স্থান থেকে কুতুব উদ্দিনের হাড়গুলো কুড়িয়ে গ্রামে নিয়ে আসি। তারপর জানাজা করে ইউনিয়ন অফিসের সামনে কবর দিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে, এখন যেখানে টাওয়ার তোলা হয়েছে তার ঠিক নিচেই রয়েছে কবরটি।’ তিনি অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নিজে মুক্তিযোদ্ধা হয়ে একজন শহীদ মুক্তিযোদ্ধার কবরের ওপর বিশাল টাওয়ার স্থাপনের অনুমতি দিয়েছেন। টাওয়ার স্থাপনের সময় প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি।লাউতা ইউপি সূত্রে জানা যায়, ২০০৭ সালে চেয়ারম্যান আবদুল জলিল মুঠোফোন কোম্পানি টেলিটককে মাসিক দুই হাজার টাকায় স্থানটি ভাড়া দেন। পরে সেখানে একটি টাওয়ার স্থাপন করা হয়। দুই বছর মেয়াদে ওই চুক্তি গত বছর শেষ হয়েছে। এ বছর থেকে ভাড়া দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। ওই টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হচ্ছে বলে চেয়ারম্যান আবদুল জলিল জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুতুব উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এখন ময়মনসিংহে বসবাস করেন। যোগাযোগ করা হলে দ্বিতীয় ছেলে মাহতাব আহমদ বলেন, ‘বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে চলে আসি নানাবাড়ি ময়মনসিংহে। তখন শেষবারের মতো বাবার কবর দেখে এসেছিলাম। কয়েক বছর আগে বিয়ানীবাজার গিয়ে দেখি, সেই কবরের ওপর একটি টাওয়ার। বাবার বুকের ওপর অমন বিশাল একটি টাওয়ার দেখে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম।’ শহীদের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘স্বাধীনতার পর লাউতা ইউনিয়নে যত চেয়ারম্যান এসেছেন, সবার কাছে আমার স্বামীর কবরে একটি স্মৃতিসৌধ স্থাপনের আবেদন করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’ লাউতা ইউপির চেয়ারম্যান আবদুল জলিল মুক্তিযোদ্ধাদের অভিযোগ ঠিক নয় দাবি করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। শহীদ কুতুব উদ্দিন আমার সহযোদ্ধা। স্বাধীনতার পর তাঁর হাড়গোড় আনতে আমিও গিয়েছিলাম লাতুতে। কবর দেওয়া পর্যন্ত ছিলাম। টাওয়ার স্থাপনের সময় আমি কুতুব উদ্দিনের কবরের জায়গা পাশে রেখে টাওয়ার স্থাপনের অনুমতি দিয়েছি।’ শহীদ কুতুব উদ্দিনের কবর টাওয়ারের নিচে নয় বলে দাবি করেন তিনি। তবে চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, ‘আমরা নিশ্চিত, কবরটি এই টাওয়ারের নিচেই আছে। চেয়ারম্যান গা বাঁচানোর জন্য মিথ্যা বলছেন। তাছাড়া আবদুল জলিল কবর দেওয়ার সময় ছিলেনই না। তিনি কী করে বলবেন, কবর কোথায়? আমরা কবর দিয়েছি, আমরা জানি কোথায় কবর।’সিলেট টেলিটকের উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান আকন্দ বলেন, ‘নীতিমালা অনুসারে ২০০৭ সালে লাউতা ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি করেছি। টাওয়ার তৈরির সময় আমাদের কাছে কোনো আপত্তি আসেনি।’ বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস হলো আমি এই উপজেলায় যোগ দিয়েছি। এ বিষয়ে শহীদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’