মুক্তিযোদ্ধার ক্যামেরায় মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নয় মাসে লেখক-সাংবাদিক হারুণ হাবীবের দুটো অস্ত্র নিত্যসঙ্গী ছিল। একটি স্টেনগান, অন্যটি ক্যামেরা। যুদ্ধের রক্তঝরা দিনগুলোকে ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি। যুদ্ধের প্রস্তুতি, রণাঙ্গনে সম্মুখযুদ্ধ, শরণার্থী-জীবনেরর নানা চিত্র ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। প্রথমবারের মতো এসব দুর্লভ আলোকচিত্র দর্শকদের সামনে নিয়ে এলেন তিনি। বাংলাদেশে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘মুক্তিযোদ্ধার ক্যামেরায় মুক্তিযুদ্ধ ১৯৭১’ শিরোনামে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। একাডেমী ও একাত্তরের যাত্রীর যৌথ আয়োজনে গতকাল দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের ১১ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানে বক্তারা প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলোকে মুক্তিযুদ্ধের দলিলে নতুন সংযোজন হিসেবে আখ্যায়িত করেন। প্রদর্শনীতে মোট ১০০টি সাদাকালো আলোকচিত্র স্থান পেয়েছে। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। একাত্তরের ডায়েরির প্রকাশনা উত্সব চ্যানেল আইয়ের আয়োজনে গত বছর শুরু হয়েছিল ‘একাত্তরের ডায়েরি’ সংগ্রহ প্রকল্প। সংগ্রহ হয়েছিল ১২টি ডায়েরি। এবার একুশে বইমেলায় ‘সময় প্রকাশন’ থেকে মুক্তিযোদ্ধা এ এইচ এম বজলুর রহমান এবং প্রয়াত সরদার জহুরুল আনোয়ারের দুটি ডায়েরি গ্রন্থাকারে প্রকাশিত হয়। গতকাল দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে হলো ডায়েরি দুটির আনুষ্ঠানিক প্রকাশনা উত্সব। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক কথাসাহিত্যিক রশীদ হায়দার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক মফিদুল হক ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, মহান স্বাধীনতা দিবসের মাসে এবং স্বাধীনতা দিবসের আগের দিন আমাদের সংগ্রহ করা ১২টি ডায়েরি থেকে দুটি ডায়েরি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। মফিদুল হক জানান, এই ডায়েরিগুলো সংরক্ষণ করবে মুক্তিযুদ্ধ জাদুঘর। ডায়েরিগুলোর প্রকাশনার সার্বিক তত্ত্বাবধান করছেন রশীদ হায়দার। বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম বজলুর রহমান একাত্তরে তাঁর ডায়েরির স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সে সময় ভারত থেকে দুই টাকা দিয়ে এই ডায়েরি কিনেছিলাম ’৭১-এর স্মৃতি লেখার উদ্দেশে। এ ডায়েরি গ্রন্থাকারে প্রকাশ হবে তা আমি কোনো দিন কল্পনাও করিনি।’ অনুষ্ঠানে জানানো হয়, ১২টি ডায়েরির মধ্য ছয়টি বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন থেকে প্রতি মাসে একটি করে ডায়েরি বই আকারে প্রকাশ করবে সময় প্রকাশন।বন্ধুসভার রচনা প্রতিযোগিতাতরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানালেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রথম আলো বন্ধুসভা ঢাকা ইমপিরিয়াল কলেজ শাখা আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় সারা দেশের ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। গতকাল দুটি বিভাগে মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা প্রতিভাস-এর মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা গণসংগীত পরিবেশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, অনীল চন্দ্র নাথ, মো. আয়নাল হক প্রমুখ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ক্যাম্পাসে গতকাল প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান গণসংগীত ‘ওরা লম্বা লম্বা কথা বলে’ ও ‘ধনীর সাথে গরিব লোকের পিরিত সাজে না’ পরিবেশন করেন। আবৃত্তি করেন বেলায়েত হোসেন। ‘স্বাধীনতা সে তো মজুদদারের জন্য নয়’ গণসংগীতটি পরিবেশন করেন সুরাইয়া পারভীন। পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজাকার-আলবদরদের কুশপুত্তলিকা দাহ করা হয়। শিল্পকলায় জাপানি শিল্পকর্ম শিল্পকলা একাডেমীতে গতকাল শুরু হয়েছে জাপানি শিল্পকর্মের প্রদর্শনী। বিকালে জাপান ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। একই সঙ্গে শুরু হয় ‘জাপানিজ ওয়াটার বেইজড উডব্লক প্রিন্ট’ শীর্ষক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করছেন শিল্পী সু ইউনো এবং তোসিও সুজুকি। প্রদর্শনী ও কর্মশালা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।