মুক্তিযোদ্ধার ছেলেকে নির্যাতনের অভিযোগ শ্রীপুর থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে একজন মুক্তিযোদ্ধার মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেপ্তারের পর পুলিশ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার এলাকাবাসী থানা ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহরা গ্রামে ভিআইপি নামের বাগানবাড়ির ব্যবস্থাপকের স্ত্রী শিল্পী খান স্থানীয় মুক্তিযোদ্ধা কাইয়ুম ও তাঁর স্ত্রী এবং তাঁদের সন্তান সেন্টু মিয়া ও হাবিবুল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার শ্রীপুর মডেল থানায় মামলা করেন। শিল্পী খানের অভিযোগ, সেন্টু মিয়া তাঁকে উত্ত্যক্ত করতেন এবং তাঁর পরিবারের সদস্যরা বাগানবাড়ি লক্ষ করে ঢিল ছুড়তেন। মামলা হওয়ার পর বৃহস্পতিবার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রধান আসামি মানসিক ভারসাম্যহীন সেন্টু মিয়াকে গ্রেপ্তার করেন। স্থানীয় লোকজনের অভিযোগ, গ্রেপ্তারের পর সেন্টুকে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।স্থানীয় সূত্র জানায়, মামলা প্রত্যাহার ও সেন্টু মিয়ার মুক্তির দাবিতে বেকাসাহরা গ্রামের কয়েক শ মানুষ গতকাল সকালে থানা ঘেরাও করে। পরে তারা বেকাসাহরা গ্রামের কাচারি মাঠে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর ছেলের মুক্তির দাবি জানান।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাগানবাড়িতে অসামাজিক কার্যকলাপ হয়। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ওই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিল্পী খান দাবি করেন, তাঁদের বাগানবাড়িতে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। এসআই নুরুল ইসলাম আসামি সেন্টুকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।