মুক্তিযোদ্ধার জানাজায় রাষ্ট্রীয় মর্যাদার গাফিলতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রঘুনাথপুরের মুক্তিযোদ্ধা অহিদুর রহমান ভূঁইয়ার (৭৮) জানাজার আগে তাঁর প্রতি রাষ্ট্রীয় মর্যাদা জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তা পৌনে এক ঘণ্টা বিলম্বে আসায় পরিবার, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, মুক্তিযোদ্ধা অহিদুর রহমান ভূঁইয়ার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তিনি সাধারণ বীমা করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁরা ছয় ভাইয়ের মধ্যে তিন ভাই মুক্তিযোদ্ধা। তাঁরা তিন ভাই দীর্ঘদিন ধরে রঘুনাথপুরে নিজেদের বাড়িতে সপরিবারে বসবাস করেন।
তাঁর নিকট আত্মীয় শাহাবুদ্দিন অভিযোগ করেন, গতকাল বাদ জোহর রঘুনাথপুর সাহেবপাড়া মসজিদে মরহুমের জানাজা হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মসজিদে জোহর নামাজ শেষ হয় বেলা দেড়টায়। এরপর জানাজার জন্য মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়ান। কিন্তু তখনো মরহুম মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা জানাতে সরকারের কোনো প্রতিনিধি না আসায় মুসল্লিরা অপেক্ষা করতে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেক মুসল্লি জানাজা না পড়েই চলে যান। মুসল্লিরা জানাজার নামাজ পড়ার সারিতে দাঁড়ানোর পৌনে এক ঘণ্টা পরে সরকারি প্রতিনিধি আসেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য।
জানাজায় উপস্থিত মরহুমের স্বজন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধার লাশ সামনে নিয়ে মুসল্লিরা দীর্ঘক্ষণ জানাজা পড়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস বলেন, ‘সরকারি প্রতিনিধি মুক্তিযোদ্ধার লাশের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে যথাসময়ে আসেননি। বিষয়টি আমার কাছেও খারাপ লেগেছে।’
সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মো. আল জোনায়েদ বলেন, ‘আমি সেখানে পৌঁছেছি দুপুর ২টা ১৩ মিনিটে। রাস্তা চিনতে না পারায় আমার যেতে কিছুটা বিলম্ব হয়েছে।’