মুক্তিযোদ্ধার তালিকার জন্য উপজেলায় কমিটি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে প্রতিটি উপজেলায় সাত সদস্যের কমিটি করা হবে। কোন উপজেলায় কবে কখন এই তালিকা তৈরি হবে, তা ছয়টি জাতীয় পত্রিকা, সব টিভি চ্যানেল ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে। ওই দিন নিজেদের যাঁরা মুক্তিযোদ্ধা বলে দাবি করবেন, তাঁদের প্রমাণ দিতে হবে।

আজ বুধবার সকালে পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর দুই কোটি টাকা ব্যয়ে তিনতলা এই কমপ্লেক্সটি নির্মাণ করে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় ১০০ নম্বর থাকবে মুক্তিযুদ্ধবিষয়ক; যাতে প্রশাসনে যাঁরা আসবেন, তাঁরা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিপূর্ণ জেনে আসতে পারেন।

জেলা-উপজেলায় বহুতলবিশিষ্ট মুক্তিযোদ্ধা পল্লি গড়ে তোলা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২৫ ভাগ অসচ্ছল মুক্তিযোদ্ধার এই পল্লির আওতায় আনা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্মাণ প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, সাবেক জেলা কমান্ডার এস এম লিয়াকত আলী, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ বাবুল, সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেন বক্তব্য দেন।