মুক্তিযোদ্ধার তালিকায় ঢাবির শহীদ বুদ্ধিজীবীদের নাম নেই

দেশের স্বাধীনতার সাড়ে চার দশকের বেশি সময় পার হয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেক নাম এসেছে। কিন্তু যেসব বুদ্ধিজীবী জীবন দিয়েছেন, তাঁদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় ওঠেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক বুদ্ধিজীবীদের নাম সরকারের কাছে পাঠানো। কিন্তু তারা তা করেনি। এখনো সময় আছে সেই তালিকা পাঠানোর।
গতকাল শনিবার বিকেলে ‘মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবীদের সম্মাননা ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান’ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এমন ক্ষোভ জানান।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে হত্যা করে হানাদার বাহিনী। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সাত শহীদ বুদ্ধিজীবী শিক্ষককে সম্মাননা জ্ঞাপন ও স্বর্ণপদক দেন। শহীদদের পক্ষে তাঁদের পরিবারের সদস্যরা এ সম্মাননা ও পদক গ্রহণ করেন।
এ সময় শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনির তন্ময় বলেন, শহীদ শিক্ষক বুদ্ধিজীবীদের সম্পর্কে খোদ বিশ্ববিদ্যালয়ে যে ৩৫ হাজার শিক্ষার্থী পড়েন, তাঁরাই কম জানেন। অনেকে তেমন কিছু জানেন না। মুক্তিযুদ্ধে যেসব শিক্ষক শহীদ হয়েছিলেন, তাঁদের প্রত্যেকেই ছিলেন প্রগতিশীল, দার্শনিক, মানবতাবাদী। এসব বুদ্ধিজীবীর অজস্র লেখা রয়েছে, সেই সব লেখা ও চিন্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে জানতে পারেন, সে ব্যবস্থা খোদ বিশ্ববিদ্যালয়েরই করতে হবে। সেটি তারা এখনো করেনি।
শহীদ আনোয়ার পাশার ছেলে রবিউল আফতাব বুলবুল বলেন, ‘আমার বাবার রাইফেল রোটি আওরাত উপন্যাস নিয়ে অনেক কথা হয়। কিন্তু এ ছাড়া তাঁর অনেক কাজ রয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে তা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাঠাতেন। সব শহীদ বুদ্ধিজীবীরই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলো মানুষের মধ্যে প্রচার হওয়া উচিত।’
এ ছাড়া শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
শহীদ পরিবারের সন্তানেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁদের বাবাদের নাম মুক্তিযুদ্ধের তালিকায় ওঠেনি। তালিকায় নাম ওঠার জন্য প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অনুরোধপত্র দেওয়া উচিত ছিল বলেও তাঁরা মনে করেন। সেই অনুরোধপত্র পেলে হয়তো এ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্থা তা বাস্তবায়ন করতে ভূমিকা পালন করবে বলেও তাঁদের বিশ্বাস।
সাত শহীদ শিক্ষক বুদ্ধিজীবী হলেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক আবু নাসের মু. মুনীরউজ্জামান, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা ও অধ্যাপক এস এম এ রাশিদুল হাসান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সহ-উপচার্য নাসরীন আহমাদ ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ।