মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্তি নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ উল্যাহর অনলাইনে করা আবেদন বাতিল হওয়ার পর এ বিতর্ক দেখা দেয়। এ নিয়ে মোহাম্মদ উল্যাহর অনুসারী ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ পরস্পরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আবেদন বাতিলের যৌক্তিকতা বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে।
এর আগে গত বুধবার আবেদন বাতিলের প্রতিবাদে মোহাম্মদ উল্যাহর অনুসারীরা বেগমগঞ্জের চৌমুহনী শহরে পাবলিক হল গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছিল। পরে সেটি প্রত্যাহার করা হয়।
উপজেলা পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য আবদুল মান্নান। লিখিত বক্তব্যে বলা হয়, মোহাম্মদ উল্যাহ নিজেকে সংগ্রাম কমিটির আহ্বায়ক পরিচয় দিলেও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। বরং মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কিছুদিন আত্মগোপন করে পাকবাহিনীর নোয়াখালীর প্রধান মেজর বোখারীর কাছে আত্মসমর্পণ করেন। স্বাধীনতার ৪৬ বছরে মুক্তিযোদ্ধাদের চারটি তালিকা করা হলেও কোনোটিতে মোহাম্মদ উল্যাহর নাম নেই। যাচাই-বাছাইয়ের সংজ্ঞানুযায়ী মোহাম্মদ উল্যাহর নাম কোনোভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল হোসেন বাঙ্গালী, মুক্তিযুদ্ধকালীন জোনাল কমান্ডার রফিক উল্যাহ, জেলা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ উল্যাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের একটিও যদি কেউ সত্য প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। তিনি শিগগিরই সংবাদ সম্মেলন করে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন বলে জানান।