মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ জমি বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার রথবাড়ী এলাকায় সরকারি পরিত্যক্ত তালিকায় গেজেটভুক্ত এবং এক মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ করা ছয় শতক জমি জাল দলিলমূলে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সান্তাহার শহরের স্কুলশিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক অভিযোগ করেছেন, শহরের কলসা মৌজায় রথবাড়ী এলাকার ১৩২ নম্বর খতিয়ানের ২৬৮ দাগের ছয় শতক জমির প্রকৃত মালিক তৎকালীন বাসিন্দা অবাঙালি আবদুল গফুর শেখ। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি সপরিবারে নিহত হন। স্বাধীনতার পর সরকার বগুড়ার সান্তাহার শহরের নিহত ও পালিয়ে যাওয়া অবাঙালিদের শত শত একর জমি ও বসতবাড়ি পরিত্যক্ত তালিকাভুক্ত করে। এরপর ১৯৮৬ সালে প্রথম ও ১৯৮৮ সালে দ্বিতীয় (সংশোধনী) গেজেটভুক্ত করা হয় এবং দখলদারদের মধ্যে বরাদ্দ দেওয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে এমআরআর খতিয়ান নম্বর ১৩২, দাগ নম্বর ২৬৮-এর ৬ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। এর একপর্যায়ে তাঁর প্রতিবেশী দ্বিজেন্দ্রনাথ প্রামাণিক ১৯৭০ সালে নিহত আবদুুল গফুরের কাছ থেকে জমিটি কিনেছেন মর্মে দলিল দেখিয়ে জবরদখল করে নেন।এ নিয়ে মামলা হলেও সরকারি সংশ্লিষ্ট দপ্তরের একাধিক তদন্তে দ্বিজেন্দ্রনাথের দলিলটি জাল হিসেবে প্রমাণিত হয়। ওই জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলাও চলছে। এমতাবস্থায় তিনি জমিটি বিক্রি করে দেওয়ার জন্য ক্রেতা খোঁজা শুরু করেন। খবর পেয়ে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ওই জমিটির ক্রয়-বিক্রয় দলিল সম্পাদন না করার জন্য ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলা সাবরেজিস্ট্রার বরাবর আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন উপেক্ষা করে ২৬ মে ওই জমিটি ক্রয়-বিক্রয় দলিল সম্পাদন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক।জমির বিক্রেতা দ্বিজেন্দ্রনাথ কবলা দলিলমূলে ক্রয় করা জমি বিক্রি করেছেন বলে দাবি করেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান, দ্বিজেন্দ্রনাথ রথবাড়ী এলাকার আদি বাসিন্দা নন। তাঁরা বলেন, ১৯৭০ সালে তিনি অবাঙালি গফুর শেখের কাছ থেকে জমিটি ক্রয় দেখাচ্ছেন। অথচ তখন সান্তাহার শহর ছিল অবাঙালিদের দখলে। সে সময় তাঁরা জমি বিক্রি করতেন না, কিনতেন। এ কারণে তাঁর দলিল যে জাল, নিরপেক্ষ তদন্ত করলে সে রহস্য বেরিয়ে আসবে।