মুক্তিযোদ্ধার পরিবার একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা তাজেমুল হকের পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। গত শনিবার দুর্গাপুর গ্রামে গেলে মুক্তিযোদ্ধা তাজেমুল হক জানান, গত বুধবার রাতে শাহজাহান আলী ও লিয়াকত আলীর নেতৃত্বে মিছিল করে গ্রামবাসীকে তাঁর সঙ্গে কথা বলতে কিংবা সম্পর্ক রাখতে নিষেধ করে দেওয়া হয়। গ্রামের দোকান থেকে তাঁর কাছে মালামাল বিক্রি করতেও নিষেধ করা হয়। এ ছাড়া তাঁর পরিবারের কাউকে গ্রামের মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। তাজেমুলের বাড়িসংলগ্ন অস্থায়ী চায়ের স্টলের মালিক গোবিন্দ কুমার বলেন, ‘আমি তো এ গ্রামেই বাস করি। গ্রামের মানুষের কথা না শুনে তাজেমুলকে চা দেওয়ার মতো সাহস আমার নেই। গ্রামের কিছু লোক আমাকে বলেছেন, “তাঁকে চা দিলে তোর দোকান ভেঙে গুঁড়িয়ে দিব”।’ একই রকম কথা বললেন, নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের আরেকজন দোকানি। তাজেমুলের স্ত্রী সুফিয়া বেগম জানান, গ্রামের মহিলারাও তাঁদের সঙ্গে সম্পর্ক রাখছেন না। তিনি কারও বাড়িতে গেলেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। তাদের কলেজপড়ুয়া মেয়ে আফরোজা নাজনীন বলেন, ‘দীর্ঘদিন থেকেই বান্ধবী আঞ্জুমান আরার সঙ্গে কলেজে যেতাম। গত বুধবার নিষেধ করে দেওয়ার পর সে-ও একসঙ্গে কলেজে যেতে আপত্তি জানিয়েছে।’ তাজেমুল হক জানান, ১৯৯১ সালে তিনি মহানন্দা নদীর তীরের এক খণ্ড খাসজমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত নিয়েছেন। ওই জমিটি গো-চারণ ভূমি দাবি করে গ্রামবাসীর পক্ষে ২৮ জন বাদী হয়ে একই বছর একটি মামলা করেন। ওই মামলায় ২০০০ সালে চাঁপাইনবাবগঞ্জের সহকারী জজ আদালত তাঁর পক্ষে রায় দেন। এরপর তিনি ওই জমিতে চাষাবাদ করতে গেলে শাহজাহান আলী ও লিয়াকত আলীর নেতৃত্বে কিছু লোক বাধা দেন। তাঁরা অব্যাহতভাবে তাঁকে হুমকি-ধমকিও দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ২৭ জানুয়ারি তিনি সদর থানায় একটি জিডিও করেছেন। এ ব্যাপারে শাহজাহান আলী বলেন, ‘তাজেমুল হক গ্রামের মানুষের কথা মানেন না। তাই তাঁকে একঘরে করা হয়েছে। আমরা এটা কোনো অন্যায় কাজ করিনি। গ্রামবাসীর বিরোধিতা করার শাস্তি দিয়েছি।’বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই বলেন, ‘বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে আগামী মঙ্গলবার সালিসে বসার জন্য নোটিশ দিয়েছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, একঘরে করা বেআইনি কাজ। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।