মুক্তিযোদ্ধার পেনশনের টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
রংপুরের বদরগঞ্জে এক মুক্তিযোদ্ধার পেনশনের দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তদের হামলায় আহত ওই মুক্তিযোদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আবদুল আউয়াল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।আহত ওই মুক্তিযোদ্ধার নাম মোকাররম হোসেন (৬৫)। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামে। তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শক পদে চাকরি করতেন। গত বৃহস্পতিবার অবসর ভাতার আড়াই লাখ টাকা ব্যাংক থেকে তুলে এক পাওনাদারকে ৩০ হাজার টাকা দেন। স্থানীয় লালদীঘি বাজারে যাওয়ার পথে বৃত্তিপাড়া এলাকায় দুর্বৃত্তরা অবশিষ্ট টাকা ছিনতাই করে।এ ঘটনায় মোকাররম হোসেন বদরগঞ্জ থানায় চারজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন রাধানগর খামারপাড়া গ্রামের আমিনুল ইসলাম, আবদুল আউয়াল, ভুট্টু মিয়া ও মোজাহারুল ইসলাম।মোকাররম হোসেন বলেন, ‘আমার সারা জীবনের কষ্টের সঞ্চয় ওরা ছিনিয়ে নিয়েছে।’ বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে আউয়াল জড়িত নন বলে পুলিশের কাছে দাবি করেছেন।