মুক্তিযোদ্ধার প্রাণভিক্ষার দাবিতে মানববন্ধন
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মাজিদের ফাঁসির সাজা মওকুফ ও তাঁর মুক্তির দাবিতে গতকাল রোববার রাজশাহীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও সাংসদ জিনাতুন নেসা তালুকদার মানববন্ধনে অংশ নেন। বক্তারা দাবি করেন, ২০০৩ সালে দলীয় কোন্দলে খুন হন বাগমারা উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও ঝিকড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ ওরফে মরু হামিদ। কিন্তু পরবর্তী সময়ে ওই মামলায় মুক্তিযোদ্ধা আলী খাজাকে আসামি করা হয়। চারদলীয় জোট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও চারদলীয় জোট সরকার হাইকোর্টের আপিল বিভাগে মামলাটি স্থগিত করে দেন। ফলে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রায় পাঁচ বছর ধরে কারাগারের কনডেম সেলে মানবেতর জীবন যাপন করছেন, যা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত লজ্জার ও দুঃখজনক।