মুক্তিযোদ্ধার প্র্রতিষ্ঠানে হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে এক মুক্তিযোদ্ধার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। প্রতিষ্ঠানটি দখলে নেওয়ার জন্য তারা এ হামলা চালায়। বাউফলের বগা বন্দরে গত বুধবার এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই মুক্তিযোদ্ধার স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ আটজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ছেলে মো. হাসানের নেতৃত্বে ২০-২৫ জন গত বুধবার সন্ধ্যার দিকে বগা বন্দরের প্রয়াত মুক্তিযোদ্ধা মো. নবী আলী মৃধার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মাদার ইন্টারন্যাশনালে হামলা চালায়। এ সময় নবী আলীর পরিবারের সদস্যরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা নবী আলীর স্ত্রী মালেকা বেগম (৬৫), মেয়ে বিউটি বেগম (৪৫), শিউলি বেগম (৩২), মোনালিসা (২৪), ছেলে মিজানুর রহমান (৪০), হাবিবুর রহমানসহ (২৭) আটজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এঁদের মধ্যে গুরুতর আহত মালেকা, বিউটি, শিউলি, মোনালিসা ও হাবিবুর রহমানকে গতকাল পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল মোতালেব হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তিনি ও তাঁর ছেলে জড়িত নয়। তিনি বগা মৌজার ৫৩ নম্বর খতিয়ানের ৬৭৭ নম্বর দাগের সোয়া ছয় শতাংশ জমি প্রায় ২০ বছর আগে নবী আলীর স্ত্রী মালেকা বেগমের কাছ থেকে কিনে নেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর (নবী আলী) পরিবারের লোকজন হামলা চালায় ও লুটপাট করে।মিজানুর রহমান বলেন, ‘আবদুল মোতালেব হাওলাদারকে তাঁর জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁরা আমাদের জমি দখলের চেষ্টা করেছেন। আমরা তাঁদের লোকজনের ওপর হামলা করিনি।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।