মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তদের ভাঙচুর অগ্নিসংযোগ
নাটোর শহরের কানাইখালী মহল্লায় গতকাল রোববার দুপুরে মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়।
নাটোর থানার পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে আফজাল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে টিভি, ফ্রিজ ও আসবাব ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে তারা বিছানার চাদর ও জানালার পর্দা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আফজাল হোসেনের স্ত্রী ও ছেলেকে মারধর করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আফজাল হোসেনের ছেলে রনি হোসেন বলেন, ‘গত ২ ডিসেম্বর দুর্বৃত্তরা আমাকে ও আমার বন্ধু পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনকে গুলি করে। গুলিতে সুজন মারা যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই বাড়িতে এসে তাণ্ডব চালিয়েছে।’
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, রনির সঙ্গে কয়েকজন যুবকের আগে থেকেই গন্ডগোল ছিল। এর জের ধরেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।