মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়ার এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর জমি জবরদখল থেকে রক্ষা ও পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কোরবান আলীর স্ত্রী কমলা বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, মাটিরাঙ্গা পৌরসভা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আবু হানিফ হাওলাদার, খাগড়াছড়ি জেলার সহ-কমান্ডার (দপ্তর) মোহাম্মদ মোস্তফা, ও মাটিরাঙ্গা পৌরসভা মুক্তিযোদ্ধা সদস্য মিয়া চান প্রমুখ।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার স্ত্রী কমলা বেগমের পক্ষে মোহাম্মদ মোস্তফা। লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযোদ্ধা কোরবান আলী ১৯৭৯ সালে তৎকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে নোয়াখালী থেকে মাটিরাঙ্গায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সরকার তাঁর নামে পাঁচ একর টিলা ভূমি বন্দোবস্ত করে দেয়। দরিদ্র, বৃদ্ধ ও অ্যাজমা রোগী কোরবান আলীর ভূমি দখল করার পাঁয়তারা করেন স্থানীয় ভূমিদস্যু ও দালাল আকরাম খাঁ ওরফে আকবরসহ আরও কয়েকজন। এই উদ্দেশ্যে গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে কোরবান আলীর একটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। এর পরিপেক্ষিতে থানায় মামলা করা হলে আকরাম খাঁ কিছুদিন জেলে আটক থাকেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আকরাম খাঁ ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা কোরবান আলীসহ আরও ১৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলায় আদালতে হাজিরা দিতে এসে মুক্তিযোদ্ধা কোরবান আলীকে জেলহাজতে পাঠানো হয়। কমলা বেগম এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধা কোরবান আলী বৃদ্ধ ও অ্যাজমা রোগী। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর আশু মুক্তির দাবি জানান। তাঁর স্বামীর নামে বন্দোবস্তকৃত টিলা ভূমি রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেন।