মুক্তিযোদ্ধার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার সুরিষামুড়ি ইউনিয়নের মায়ারহাটে গত শুক্রবার দিবাগত রাতে একজন মুক্তিযোদ্ধার কাপড়ের দোকান ও ধান-চালের আড়তে কে বা কারা অগ্নিসংযোগ করলে দোকানঘর ও সব মালামাল ভস্মীভূত হয়েছে।দোকানের মালিক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মৃধা ধারণা করছেন, শত্রুতা করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত কিছু জানেন না। আবদুল মান্নান স্থানীয় আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শী ওই বাজারের ব্যবসায়ী মো. ইলিয়াস বলেন, ‘আমি দোকানে ঘুমিয়ে ছিলাম। রাত তিনটার দিকে শব্দ শুনে বাইরে এসে দেখি মান্নান মিয়ার দোকানে আগুন জ্বলছে; ধোঁয়ায় সমস্ত এলাকা ছেয়ে গেছে। এরপর আমি চিৎকার করতে থাকলে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।’আবদুল মান্নান জানান, দোকানে চারটি সেলাই মেশিন ও নগদ ২০ হাজার টাকা এবং কাপড় ও মজুত করা সব ধান-চাল পুড়ে গেছে। মায়ারহাট এলাকায় ভোড়া-কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরী মো. মাইনুদ্দিন জানান, শুক্রবার রাত আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে তিনি ভবনের সামনের রাস্তায় দেখেন মোটরসাইকেলে দুজন লোক বসে আছেন। তাঁকে দেখে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে চলে যান। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে অবশ্যই এ ব্যাপারে মামলা নেওয়া হবে।