মুক্তিযোদ্ধার ভাতা থেকে চাঁদা আদায়!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের সময় প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির নামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ওই চাঁদা আদায় করে বলে জানা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলার ২০৮ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর গত মঙ্গলবার ওই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের জন্য ছয় মাসের ভাতা হিসাবে ১২ হাজার টাকা করে অনুমোদন করা হয়। কিন্তু সোনালী ব্যাংক কসবা শাখা থেকে ভাতার টাকা উত্তোলনের সময় প্রত্যেক মুক্তিযোদ্ধার কাছ থেকে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়।কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আবদুল ছালাম অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে জোর করে চাঁদার টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া একই গ্রামের মুক্তিযোদ্ধা অহিদ মিয়া জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়।কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান ও ডেপুটি কমান্ডার কুদ্দুছুর রেজা জানান, মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির তহবিল গঠনের জন্য ওই চাঁদা আদায় করা হয়। কসবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার জানান, মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি নামের কোনো সংগঠন সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়নি। এ ছাড়া এ ধরনের কোনো সংগঠন আছে কি না, তা তাঁর জানা নেই। কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।