মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ দিন কাটে অর্ধাহারে
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী গ্রামের মুক্তিযোদ্ধা রহিমউদ্দিনের (৭০) দিন কাটছে অর্ধাহারে ও অনাহারে। তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ভাঙাচোরা বেড়ার ছনের ঘরের এক পাশে ছোট্ট একটা কুঠরিতে শুয়ে আছেন রহিমউদ্দিন। বেড়ার ফাঁক দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। ছেঁড়া-ময়লা কাপড়চোপড়। মোটরসাইকেলের শব্দে বিছানা ছেড়ে উঠলেন, কিন্তু দাঁড়াতে পারছেন না। শরীরের নিচের অংশটা অবশ হয়ে গেছে। বিছানার মধ্যে প্রাকৃতিক কাজকর্ম সারেন। কথা বলতে পারেন না। চোখ দিয়ে শুধু অনবরত পানি ঝরছে।এ সময় রহিমউদ্দিনের পুত্রবধূ নাজু বেগম বলেন, ‘গত রমজান থেকে এ অবস্থা হয়েছে। আমার স্বামী ভ্যান চালিয়ে আর কত টাকাই বা পায়। চাল, ডাল, তেল, নুন কিনতেই শেষ। ওষুধ কিনব কীভাবে? আমার শ্বশুর একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। শুনছি এই সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করছে, কিন্তু আমার শ্বশুরের জন্য কিছুই করছে না। কেউ খোঁজও নিতে আসে না। মুক্তিবার্তায় প্রকাশিত তাঁর নম্বর হচ্ছে ০৩০৯০১০২৪৭।জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মুন্সী বলেন, ‘রহিমউদ্দিন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার সঙ্গে তিনি ৬ নম্বর ক সেক্টরের অধীনে চিলাহাটি, ডোমার, সৈয়দপুর ও নীলফামারী এলাকায় যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর থেকে রহিমউদ্দিন ৩০০ টাকা করে সম্মানী ভাতা পান। পরে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাঁর মতো আরও ১৩ জনের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়। দুই ছেলে ও স্ত্রী নিয়ে অভাবের সংসার। একচিলতে ভিটেবাড়ি ছাড়া জায়গাজমি নেই। নদীতে পাথর তুলে কিংবা দিনমজুরি করে সংসার চালাতেন রহিমউদ্দিন। মহাজোট সরকার ক্ষমতায় এলে ওই ১৩ জনের মধ্যে আটজনের সম্মানী ভাতা চালু হয়েছে। কিন্তু হতদরিদ্র রহিমউদ্দিন, নীলকণ্ঠ, হারাধন, আফসার আলী ও মজিবর রহমান আর সম্মানী ভাতা পাননি।’জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম লিয়াকত আলী বলেন, তাঁদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে সরকারের।