মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জমা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমএলএসএস পদে দুই ব্যক্তির চাকরি নেওয়ার অভিযোগে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, সদস্য মতিয়ার রহমান, মাহবুবার রহমান ও আশরাফুজ্জামান যৌথভাবে বাদী হয়ে ১০ মে এই মামলা দায়ের করেন।মামলার আরজি সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে মনোয়ার হোসেন ও বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে তজবুল ইসলাম ভুয়া সনদে মুক্তিযোদ্ধার সন্তান দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছর ১৯ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৮১টি শূন্য পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে এমএলএসএস পদ ৯৪টি। আর বাকিগুলো সুইপারসহ অন্যান্য পদ। মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটায় চাকরির জন্য আবেদনপত্রের সঙ্গে বাবার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি দাখিল করতে বলা হয়। সে অনুযায়ী এমএলএসএস ৯৪টি পদের মধ্যে মুক্তিযোদ্ধার কোটায় ২৮ জন মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেওয়া হয়। রংপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা বলেন, ‘মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা কোটায় সম্প্রতি নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা সংগ্রহ করে তদন্ত করে দেখা গেছে এর মধ্যে দুজনের বাবা মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধার গেজেটেও তাঁদের নাম নেই। বিষয়টি সুরাহা করতেই আদালতে মামলা করা হয়েছে।’ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘মামলার বিষয়টি আমাদের জানা নেই। কেননা হাসপাতালে কেউ এ ব্যাপারে আবেদনও করেননি। তবে হাসপাতালে যে ২৮ জন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি হয়েছে, তাঁরা সবাই মুক্তিযোদ্ধার সনদ জমা দিয়েছেন। সেটি আসল বা নকল তা খতিয়ে দেখতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে।’গতকাল বুধবার সকালে মুঠোফোনে মনোয়ার হোসেন ও তজবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।