মুক্তিযোদ্ধার মৃত্যুদণ্ড মওকুফের দাবি
রাজশাহীর বাগমারা উপজেলার বিএনপি নেতা মরু হামিদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী খাজা এম এ মজিদের সাজা মওকুফের দাবিতে গত শনিবার সংবাদ সম্মেলন করেছেন সাংসদ ফজলে হোসেন বাদশা। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানও উপস্থিত ছিলেন। রাজশাহী নগরের একটি পার্টি পয়েন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ত ৎ কালীন জোট সরকারের হস্তক্ষেপে নির্দোষ এক মুক্তিযোদ্ধাকে ফাঁসির দণ্ড প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারকার্যক্রম চালাচ্ছে, তখন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফাঁসির আদেশ মাথায় নিয়ে কারাগারের কনডেম সেলে থাকবেন এটা হতে পারে না। ২০০৩ সালের ৯ নভেম্বর বিএনপি নেতা মরু হামিদ খুন হন। এই ঘটনায় ২০০৬ সালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদসহ তিনজনের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন আছে। মুক্তিযোদ্ধা আলী খাজার সাজা মওকুফের দাবিতে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করা হয়েছে।