মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মো. মছব্বির বক্তের (৬৫) লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগেরও কার্যকরী কমিটির সদস্য। এলাকাবাসী জানান, গতকাল সকালে মাধবপুর ইউনিয়নের পাহাড়ি লঙ্গুছড়ার পানিতে মছব্বিরের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী তাঁর বাড়িতে খবর দেন। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয়েছে।মছব্বিরের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বিকেল চারটার দিকে পাঁচ হাজার টাকা নিয়ে মছব্বির বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরে গতকাল সকালে তাঁরা মছব্বিরের মৃত্যুর খবর পান। তিনি ফুলবাড়ি গাছমহালে জনৈক মহালদারের ডিপোতে দায়িত্ব পালন করতেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ব্যাপারে মছব্বিরের পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়নি। তবে একাধিক সূত্রে তিনি মছব্বিরের লাশ উদ্ধারের খবর পেয়েছেন।