মুক্তিযোদ্ধার লাশ দাফনের টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নাগদা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমানের লাশ দাফনের জন্য সরকারের বরাদ্দ দেওয়া প্রায় ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার স্ত্রী রোকেয়া বেগম ৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। গত সোমবার অভিযোগের তদন্ত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অভিযোগের তদন্ত করেন। রোকেয়া বেগম বলেন, ‘আমার স্বামী মোখলেছুর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিবার্তা নম্বর-০২০৫০২০৯৫৫, মন্ত্রণালয় সনদ নম্বর-ম-১৪১৮৭৪ এবং মুক্তিযোদ্ধা আইডি নম্বর-০২০৩০৮০২২৭। গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।’
রোকেয়া অভিযোগ করে বলেন, ‘স্বামীর মৃত্যুর খবরটি ওই সময়কার মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহকে জানালেও তিনি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নেননি। বিষয়টি প্রশাসনকেও জানাননি। গত জুন মাসে স্বামীর লাশ দাফনের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১৪ হাজার ৯০০ টাকা আমার হিসাবে জমা হয়। টাকা উত্তোলনের জন্য ব্যাংকের একটি চেক সই করে তাঁর কাছে দিই। তিনি সেই টাকা তুলে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বাকি নয় হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করলে তিনি মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমার স্বামীর নাম বাদ এবং মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দেন।’
অভিযোগের ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যাহ জানান, মোখলেছুর প্রকৃত মুক্তিযোদ্ধা নন। গত বছর যাচাই-বাছাইয়ের পর তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ে। গেজেটেও তাঁর নাম নেই। এ জন্য তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়নি। বরাদ্দ দেওয়া টাকা তাঁর স্ত্রীর নিজস্ব ব্যাংক হিসাবে এসেছে। তিনিই সেই টাকা উত্তোলন করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গত সোমবার উভয় পক্ষের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের দায়িত্বে থাকা ইউএনও সফিকুল ইসলাম বলেন, ‘টাকা আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’