মুক্তিযোদ্ধার সন্তান, তাই মেলেনি প্রতিবন্ধী ভাতা!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের কানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আজাহার আলী ছয় বছর ধরে ধরনা দিয়েও প্রতিবন্ধী ছেলেকে ভাতার জন্য তালিকাভুক্ত করতে পারেননি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধবিরোধী হওয়ায় তিনি আজাহার আলীর ছেলের নাম তালিকাভুক্ত করেননি।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজাহার আলীর দ্বিতীয় ছেলে শাহীনুর ইসলামের ডান হাত জন্মগতভাবেই বিকলাঙ্গ। এসএসসি পাসের পর আর্থিক অনটনের কারণে আর লেখাপড়া করতে পারেনি। বর্তমানে টিউশনি করে জীবিকা নির্বাহ করে শাহীনুর। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আজাহার আক্ষেপ করে বলেন, ‘প্রতিবন্ধী সন্তানের জন্য রাজাকার চেয়ারম্যানের কাছে অর্ধযুগ ধরে ধরনা দিয়েও তাঁর নাম তালিকায় ঢুকাতে পারিনি। এমনকি আমার নাগরিকত্বের সনদ দিতেও চেয়ারম্যান টালবাহানা করেন।’মুক্তিযুদ্ধে জয়পুরহাট নামক গ্রন্থের তথ্যানুসারে, নুরুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধের সময় ক্ষেতলাল থানার শান্তি ও প্রতিরক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন। তাঁর প্রত্যক্ষ মদদ, নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার দিঘিপারা গ্রামের গংগাধর দেবনাথ, হলধর দেবনাথসহ অনেককে হত্যা করেন। ১৯৭২ সালের ২৫ মার্চ যুদ্ধের সময় অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও হত্যার অভিযোগে বিশ্বনাথ দেব (মৃত) নুরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করেন।নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রতিবন্ধী সনদ চিকিৎসকেরা দেবেন। আর আমার কাছে নাগরিকত্বের সনদ নিতে এলে আমি জন্মনিবন্ধন কার্ড যাচাইবাছাই করার পর দিয়েছি।’ শান্তি কমিটিতে থাকার কথা স্বীকার করলেও মানুষ হত্যার অভিযোগ তিনি অস্বীকার করেন।