মুক্তিযোদ্ধার সন্তান সেজে চাকরি!
পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া নাম ব্যবহার করে নিয়োগ নেওয়ার তথ্য পাওয়া গেছে। আবার মুক্তিযোদ্ধা না হয়েও সন্তানদের অভিভাবক হিসেবে মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করা হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় এ নিয়োগ পাওয়ার সংখ্যা ১০ জন। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশের এক দায়িত্বশীল সূত্রে জানা যায়, সম্প্রতি কনস্টেবল (পুরুষ) পদে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর প্রার্থীদের নাম-ঠিকানা এবং মুক্তিযোদ্ধার সন্তান কি না, তা যাচাইয়ের জন্য জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়।শেরপুর থানা এলাকায় এ তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে পিতার পরিচয় দিয়ে এই পদে প্রার্থী হয়েছেন উপজেলার ভাটরা গ্রামের সোহেল রেজা ও মিজানুর রহমান, শহরের উত্তর সাহাপাড়ার ইকবাল হোসেন, পারভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা, নওদাপাড়ার তারিকুল ইসলাম ও চককেশব গ্রামের মুসা মিয়া।এ প্রসঙ্গে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, উল্লিখিত প্রার্থীর পিতারা মুক্তিযোদ্ধা নন। উপজেলার মুক্তিযোদ্ধা তালিকায় তাঁদের কোনো নাম নেই। অন্যদিকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত উপজেলার ভাতাইসপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, হাটগাড়ীর আনারুল ইসলাম ও ঘারতা গ্রামের হাসান আলী জানান, তাঁদের ছেলে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য কেউ আবেদন করেনি।ররোয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আকবর আলীর ছেলে ফেরদৌস কাউছার নাহিদ জানান, তাঁর পিতার ছেলে-পরিচয়ে শহিদুল ইসলাম যে নাম ব্যবহার করা হয়েছে, তা ভুয়া।এ প্রসঙ্গে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শেরপুরে যে ১০ জনের পরিচয় যাচাই করা হয়েছে, তাঁরা সবাই ভুয়া পরিচয় ব্যবহার করেছেন।