মুক্তিযোদ্ধার সম্মাননা পেলেন চার বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লির চার বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
এই চার বীরাঙ্গনা হলেন সোহাগপুর বিধবাপল্লির শহীদ ফজর আলীর স্ত্রী জোবেদা বেগম (৮৬), শহীদ বাবর আলীর স্ত্রী জোবেদা খাতুন (৭৪), শহীদ কাইঞ্চা মিয়ার স্ত্রী আছিরন নেছা (৭৯), শহীদ আবদুল লতিফের স্ত্রী হাসেনা বানু (৬১)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুপুর ১২টার সময় চার নারী মুক্তিযোদ্ধার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান চেক তুলে দেন। তাঁদের প্রত্যেককে ছয় মাসের ভাতা বাবদ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ নারী মুক্তিযোদ্ধাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
চেক হাতে পেয়ে জোবেদা খাতুন বলেন, ‘আমরা অহন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইছি। ছয় মাসের টেহা পাইলাম। অহন আমগর মনের আশা পুন অইলো। শেখের বেডিরে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আল্লাহ বাঁচাইয়া রাখুক।’
হাসেনা বানু বলেন, ‘এই দিনডা লাইগা আমরা অপেক্ষায় ছিলাম। অহন আমগর মনের দুকু (দুঃখ) দূর অইছে। আমরা অহন খুশি অইছি। আমগর অইন আরও কয়েকজন বীরাঙ্গনা আছে। তারাও স্বীকৃতি পাইলে বালা অইতো।’
১৯৭১ সালে ২৫ জুলাই সোহাগপুরে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। এ সময় নির্বিচারে ১৮৭ জন গ্রামবাসীকে হত্যা ও ১৩ নারীকে ধর্ষণ করা হয়। বেনুপাড়ার সব পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর পুরুষশূন্য পাড়াটির নাম পরিবর্তন করে রাখা হয় বিধবাপল্লি। ৫৭ জন বিধবার মধ্যে এখন ২৮ জন বিধবা বেঁচে আছেন। তাঁদের মধ্যে এই চার নারী বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো।