মুক্তিযোদ্ধার স্ত্রীর কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার একনা ছাওয়ার (একমাত্র মেয়ে) সুইপার পদে চাকরির দরখাস্ত করিয়েও চাকরি হইল না। হামার মতো গরিব কেউ আছে বাহে! ট্যাকা নিয়া কোটা পূরণ করিল। আর হামার ছাওয়া পাইল না। আল্লা ইয়ার বিচার করবে।’ গত রোববার কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে কুড়িগ্রাম ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা আবদুল জব্বার ছক্কুর স্ত্রী ইছিরন বিবি কাঁদতে কাঁদতে এসব কথা বলেন। তিনি উপস্থিত লোকজনকে স্বামীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখিয়ে বিলাপ করতে থাকেন। ইছিরন বিবি আরও বলেন, ‘স্বামী এখন মৃত্যু শয্যায়। ওষুধ কিনবার পারি না। ট্যাকার অভাবে মেয়ের বিয়াও দিবার পাই না। নদীর ধারে বাঁধে ভাঙা ছাপরাত থাকি। ঠিকমতো খাবারও জোটে না। ছাওয়াটার চাকরির জন্য সবার হাত-পাও ধরছি। কেই কিছুই করিল না।’সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সিভিল সার্জন কার্যালয়ে আটটি পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সুইপার পদে আটজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের চারজন হরিজন সম্প্রদায়ের এবং বাকি চারজন মুসলমান। মুক্তিযোদ্ধা কোটায় আবদুল জব্বার ছক্কুর একমাত্র মেয়ে ফুলবানু এ পদে নিয়োগের জন্য দরখাস্ত করেছিল। কিন্তু তাঁর চাকরি হয়নি।সরেজমিনে দেখা যায়, ধরলা নদীর বাঁধের পাড়ে ছোট একটি ভাঙা ছাপরাঘরে অসুস্থ আবদুল জব্বার ছক্কু চৌকিতে শুয়ে আছেন। তিনি চৌকি থেকে ঠিকমতো মাথা তুলে উঠে বসতে, কথা বলতে এবং হাঁটাচলা করতেও পারেন না। পাশে ময়লা ও ছেঁড়া কাপড়চোপড় বাঁশের খুঁটির সঙ্গে ঝোলানো। ঘরের ভেতর থেকে আকাশ দেখা যায়। আসবাবপত্র বলতে ঘরে কিছুই নেই।এ সময় আবদুল জব্বার ভাঙা ভাঙা কথায় বলেন, ‘নিজের জমাজমি নাই। বাঁধের পাড়ে এই ঝুপড়ি তুলে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাস করি। মুক্তিযোদ্ধা ভাতাই চলার একমাত্র সম্বল। মেয়েটিকে কুড়িগ্রাম পুরাতন বালিকা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু টাকার অভাবে পড়াতে পারিনি। এখন বাড়িতে থাকে। পাড়ার ছেলেরা বিরক্ত করে। আমি চলতে পারি না। সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়লে সুইপার পদে দরখাস্ত করাই। কিন্তু হলো না।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার মেয়েকে সুইপার পদে দরখাস্ত করতে হয়। তাও হলো না। এ দুঃখ কোথায় রাখি। আল্লা তাড়াতাড়ি নিলেই বাঁচি। ভাতার টাকায় পেট পুরে তো দূরের কথা দুই বেলা খাবারও জোটে না। টাকার অভাবে ওষুধ কিনতে পারি না। যারা টাকা দিতে পেরেছে তাদের চাকরি হয়েছে।’ একইভাবে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বীর প্রতীক আবদুল হাইয়ের মেয়ে রিক্তা পারভীন আয়া পদে ও ছেলে গুলবাহার আলম এমএলএসএস পদে এবং হাসপাতালপাড়ার মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের (নূরুল পাগলা) একমাত্র মেয়ে নূরবানু আয়া পদে দরখাস্ত করেও চাকরি পাননি। এই নিয়োগ-প্রক্রিয়ার দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় জনগণ গত রোববার ও গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগও পাঠিয়েছে।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘এই নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে আমি সন্তুষ্ট নই।’কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী বলেন, ‘এই নিয়োগ-প্রক্রিয়ার দুর্নীতির বিষয়টি আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছি।’