মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে সোহাগপুরের ছয় নারীর আবেদন
১৯৭১ সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে নির্যাতনের শিকার ছয় নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার আশায় দিন গুনছেন। তাঁরা গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
নারীরা হলেন সোহাগপুর গ্রামের মোছা. করফুলি (৬৯), হাজেরা খাতুন (৬৯), আমেনা বেওয়া (৬৭), মোছা. অজুফা (৮৯) এবং কাঁকরকান্দি গ্রামের হাছনে আরা (৬৯) ও জরিতন বেওয়া (৮১)। তাঁদের স্বামীদের পাকিস্তানি সেনারা হত্যা করে।
এলাকাবাসী ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যরা বলেন, ১৯৭১ সালের ২৫ জুলাই হানাদার বাহিনী সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। সে সময় ১৮৭ জন গ্রামবাসীকে হত্যা করা হয়। এ সময় ৬২ নারী বিধবা হন। তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার দুজন মারা গেছেন। জীবিত ১২ জনের মধ্যে ৬ জনকে সরকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। বাকি ৬ জন স্বীকৃতির আশায় গতকাল সকালে ঢাকায় গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে তৃতীয়টি ছিল সোহাগপুরে হত্যাযজ্ঞ ও ধর্ষণ।
আবেদনকারী করফুলি বেগম বলেন, গণহত্যায় তাঁর স্বামীসহ পরিবারের তিনজনকে হারিয়েছেন। আর তাঁদের ওপর যে অত্যাচার হয়েছে, তা ভাষায় বলার মতো না। তাঁরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে সরকারের কাছে আবেদন করেছেন। স্বীকৃতি পেলে তাঁরা একটু হলেও শান্তি পাবেন।
অজুফা বেওয়া বলেন, ‘আমি চোখে দেহি না। কোনো কাজ করবার পাই না। গণহত্যায় স্বামী ও শ্বশুররে হত্যা করা হয়ছিল। আমি নির্যাতনের শিকার অইছি। স্বাধীনতার পরও মানুষ আমগরে দূর ছেই করছে। পাঁচ ছেলে-মেয়ে লইয়া বাড়ি বাড়ি ঘুরছি। কেও জায়গা দিচ্ছে না। অহন ছেলের লগে থাকছি। সরকার ছয়জনের মুক্তিযোদ্ধা সম্মান দিছে। অহন আমরা আবেদন করছি। স্বীকৃতি পাইলে একটু স্বস্তি লইয়া মরবার পাইতাম।’
সোহাগপুর শহীদ পরিবারকল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলে তাঁরা প্রতি মাসে ১০ হাজার করে টাকা পাবেন। এটা তাঁদের সংসারে খানিকটা স্বস্তি ফেরাবে।
কাঁকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার বলেন, তাঁরা চান সরকার ওই ছয়জনেক নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে তাঁদের শেষ বয়সের আশা পূরণ করবে।