মুক্তিযোদ্ধার স্বীকৃতি মিলল মৃত্যুর পর
বেঁচে থাকতে সবার দ্বারে দ্বারে ঘুরেছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য। একসময় বয়সের ভারে তিনি ক্লান্ত হয়ে পড়েন। মনে জমা হয় ক্ষোভ আর হতাশা। শরীরে দানা বাঁধে বিভিন্ন রোগ। তিনি মারা যাওয়ার এক সপ্তাহ পর মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় তাঁর নাম রয়েছে।
প্রয়াত ওই মুক্তিযোদ্ধার নাম আসমত আলী ফকির (৮৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের বাসিন্দা। ২৯ মে তিনি মারা যান। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বালিয়াকান্দি উপজেলায় যাচাই-বাছাই শেষে ৪ জুন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় নতুন ১ নম্বর ক্রমিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে আসমত ফকিরের নাম স্থান পেয়েছে।
আসমত আলী ফকিরের বড় ছেলে রুহল ফকির বলেন, ‘বাবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতেন। দাঁড়াতেন মুক্তিযোদ্ধাদের কাতারে, কিন্তু তাঁকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া হতো। স্বীকৃতির জন্য তিনি বিভিন্ন জনের কাছে ঘোরাঘুরি করেছেন। প্রশাসনের কাছেও দাবি জানিয়েছেন। একপর্যায়ে তিনি মানসিক কষ্টে অসুস্থ হয়ে পড়েন।’
আসমত ফকিরের স্ত্রী শান্তি বেগম আক্ষেপ করে বলেন, ‘টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। হাসপাতালে মাঝেমধ্যেই ভর্তি হতেন তিনি। সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা সুযোগ-সুবিধা দেওয়া হতো, কিন্তু স্বামীর ভাগ্যে তা জোটেনি। প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও বেঁচে থাকতে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি।’ এ জন্য দায়ী ব্যক্তিদের তিনি শাস্তি দাবি করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন ফেরদৌস বলেন, দুর্ভাগ্যবশত মুক্তিযোদ্ধার তালিকা থেকে আসমত ফকিরের নাম বাদ পড়েছিল। ইউএনও এইচ এম রকিব হায়দার বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য ভাতার টাকা তাঁর স্ত্রীকে দেওয়া হবে।