যশোরে মুক্তিযোদ্ধাদের খুলনা বিভাগীয় সমাবেশ
মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ দূর হবে
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের খুলনা বিভাগীয় সমাবেশ গতকাল রোববার যশোরে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দেওয়া সম্ভব।
বেলা ১১টায় যশোর জিলা স্কুল মিলনায়তনে সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান। তিনি প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি সঠিক ও ঐক্যবদ্ধ থাকেন, তাহলে মুক্তিযোদ্ধাদের সব দাবি আদায় হবে। একই সঙ্গে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হবে।’
সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৮২৭ জন নির্বাচিত প্রতিনিধি অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের যশোর জেলা ইউনিট কমান্ডার রাজেক আহম্মেদ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বাঙালি জাতীয়তাবাদের পোশাক-পরিচ্ছদ ও আচার-আচরণ সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।