ধলেশ্বরী নদীর পাড় ঘেঁষে মাঠ। মাঠের মাঝখানে টানানো হয়েছে শামিয়ানা। সামনের সারির চেয়ারগুলোতে বসা মুক্তিযোদ্ধারা। তাঁরা একে একে স্মৃতিচারণা করছেন। পেছনের সারির চেয়ারগুলোতে পিনপতন নীরবতা। সেখানে নিশ্চুপ বসে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনছে শিশু-কিশোর ও তরুণেরা।
গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহির চরে আয়োজন করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও স্মৃতিচারণা অনুষ্ঠান। ঐতিহাসিক বারাহির চর-বায়রা যুদ্ধের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পুনর্মিলনী ও বর্ষপূর্তি উদ্যাপন পরিষদ।
আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি সম্মুখযুদ্ধ হয়। ১৯৭১ সালের ৫ অক্টোবরের বারাহির চর-বায়রা সম্মুখযুদ্ধ এর মধ্যে অন্যতম। এ যুদ্ধে সুবেদার মেজর আবদুল হক, হাবিলদার সোনামুদ্দিন ও নায়েক আবদুল ওহাবের নেতৃত্বে ৩০ জনের মতো অংশ নেন। লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর ২৭ জনের সবাই নিহত হয়। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতেই গতকাল মুক্তিযোদ্ধা পুনর্মিলনী ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূল অনুষ্ঠান শুরুর আগে মুক্তিযোদ্ধাদের অনেকেই গল্প ও আড্ডায় মেতে ওঠেন। আবেগে তাঁদের কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে পড়েন।
স্মৃতিচারণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান। আরও স্মৃতিচারণা করেন স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. সাহাজুদ্দিন, মুক্তিযোদ্ধা আলী হোসেন, আবদুস সামাদ প্রমুখ।
উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে মফিজুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে লাখ লাখ বাঙালি সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে।
আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই পড়তে হবে। ইতিহাস-বিকৃতি সম্পর্কে সতর্ক থাকতে হবে।