মুক্তিযোদ্ধারা শিখিয়েছেন ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাস ডিসেম্বরে ‘বিজয়ের মাসে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করেন ইউডার এমবিএর শিক্ষার্থীরা। ছবি: লেখক
বিজয়ের মাস ডিসেম্বরে ‘বিজয়ের মাসে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করেন ইউডার এমবিএর শিক্ষার্থীরা। ছবি: লেখক

পঞ্জিকার পাতায় ঘুরে বাঙালি জাতির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় মাস ডিসেম্বরের শেষ সময় পার করছি আমরা। ১৯৭১ সালের এই মাসেই বাঙালি ছিনিয়ে এনেছিল তার স্বাধীনতা। শক্ত হাতে লড়াই করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের নয় মাসের ত্যাগ–তিতিক্ষার পর পৃথিবীর বুকে এ মাসেই আমরা তুলে ধরতে পেরেছিলাম আমাদের স্বাধীন ভূখণ্ড। অর্জন করেছিলাম আমদের স্বাধীনতা, বিশ্বদুয়ারে তুলে ধরেছিলাম লাল–সবুজের পতাকা।

এভাবেই বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজিত সম্প্রতি ‘বিজয়ের মাসে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় নিজ নিজ বক্তব্যে মতামত তুলে ধরছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) এমবিএর শিক্ষার্থী মুনিয়া ও সিফাত।

তাঁদের বক্তব্যের সঙ্গে মিল রেখে মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল বলেন, ‘নানা শোষণ ও নিপীড়নের হাত থেকে দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য লক্ষ্য অর্জনে দৃঢ়সংকল্প ছিলেন মুক্তিযোদ্ধারা। তাঁদের জন্যই অতি অল্প সময়ের মধ্যে আমাদের এত বড় অর্জন সম্ভব হয়েছে। তাঁরা আমাদের শিখিয়ে দিয়েছেন যে বৃহৎ অর্জনের জন্য ঐক্যবদ্ধ জাতীয় উদ্যোগের কোনো বিকল্প নেই।’

একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনই এখন পর্যন্ত আমাদের শ্রেষ্ঠতম অর্জন। এই বাংলাদেশকে শত্রুমুক্ত করতে কিছুসংখ্যক বিপথগামী ছাড়া সবাই বিজয়ের জন্য সংগ্রাম করেছেন। সহ্য করেছেন সীমাহীন যন্ত্রণা। দেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছেন ৩০ লাখেও বেশি মুক্তিযোদ্ধা। ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত।

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এ আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক তপন কুমার বিশ্বাস, কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এবং প্রোগ্রাম কনভেনার ও একাডেমিক অ্যাফেয়ার্স সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ-হিল মুনতাকিম। অনুষ্ঠানে উৎসাহ জুগিয়েছেন ইউডা প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরিফ এবং সহযোগিতা করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ সেলিম।

আলোচনা সভায় তরুণ প্রজন্মের উদ্দেশে ড. আবদুল্লাহ-হিল মুনতাকিম বলেন, যে মাহাত্ম্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশটাকে স্বাধীন করেছিলেন, তাঁদের সে উদ্দেশ্য সফল করতে শুধু দিবসগুলোতে নয়, সারা বছর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মকে জানতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আজ বাংলাদেশ গোটা বিশ্বদুয়ারে অনেক এগিয়েছে। দেশের প্রতিটি মুখের হাসিই এখন একেকটি বিজয়।

তপন কুমার বিশ্বাস বলেন, শহীদদের এই রক্তের সঙ্গে ওই দূর আকাশের রক্তিম সূর্যটা মিশে আছে। প্রতিটি সকালে যে আমাদের পথ দেখাচ্ছে বিজয়ের, সাহসী করে তুলছে অন্যায়ের প্রতিবাদ করতে। প্রতিনিয়ত প্রেরণা জোগাচ্ছে একটি স্বপ্নের সোনার বাংলার।

* তাজবিদুল ইসলাম চৌধুরী: শিক্ষার্থী ইউডা