ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদপুর চিনিকলের ক্যাশিয়ার মুক্তিযোদ্ধা হেলাল জোয়াদ্দারসহ (৫৫) চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসীনুল হক জানান, বিভিন্ন আখকেন্দ্রে টাকা দেওয়ার জন্য চিনিকলের একটি ট্রাক তিন লাখ ৪০ হাজার টাকা নিয়ে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। দিঘুলিয়া নামক স্থানে সামনের দিক থেকে আসা পদ্মা এন্টারপ্রাইজের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চিনিকলের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যাওয়া ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ জানান, দুর্ঘটনায় চিনিকলের ক্যাশিয়ার মুক্তিযোদ্ধা হেলাল জোয়াদ্দার ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক তোতা মিয়া (৫০) ও আনসার সদস্য সুশীল বালা (৪০)। পরে বিকেলে ঢাকায় নেওয়ার পথে মারা যান আনসার সদস্য মো. নজরুল ইসলাম (৪৫)। আহত ১২ জনকে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার জানান, দুর্ঘটনার পর প্রথমে এক লাখ ১১ হাজার টাকা পাওয়া যায়। পরবর্তী সময় এলাকার শ্রমিক কামরুলের কাছ থেকে এক লাখ ১০ হাজার, একই এলাকার হাসমতের কাছ থেকে সাত হাজার ও পাইককান্দি গ্রামের শাহজাহানের কাছ থেকে তিন হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এ তিনজনকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাকি এক লাখ নয় হাজার টাকা এখনো পাওয়া যায়নি।দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা হেলাল জোয়াদ্দারকে গতকাল বাদ আসর তাঁর গ্রামের বাড়ি মধুখালীর রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।