মুক্তিযোদ্ধাসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের চৌহালি ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: গতকাল সকালে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর কাছে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল উল্টে গেলে এর আরোহী সদর উপজেলার মীরগড় এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম (৬৩) নিহত হন। এর আগে দুপুরে সদর উপজেলার টুনিরহাট-হাড়িভাসা সড়কের মাঝপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সদর উপজেলার দেবীযাদু এলাকার মনতাজুরের ছেলে সুজন (২৩) নিহত হন। তিনি টুনিরহাট ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।বদরগঞ্জ (রংপুর): উপজেলার শেখেরহাট হাইস্কুল মাঠের কাছে গত বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন নীলফামারীর বরুয়া শেখপাড়া গ্রামের মাদ্রাসাশিক্ষক আবদুল হালিম (৫৫) ও বদরগঞ্জ উপজেলার মধুপুর শালবাগান এলাকার হামিদুল হক (৫০)। তাঁরা চরমোনাই পীরের আগমন উপলক্ষে ওই মাঠে আয়োজিত ইসলামি সভায় যোগ দিতে এখানে এসেছিলেন।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের চৌহালির এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় গতকাল রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক শিশু নিহত হয়। তার নাম ওয়ালিদ হোসেন (৭)। সে কেজির মোড় এলাকার রমজান আলীর ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটকে রেখে রাস্তা অবরোধ করে। এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।