বরিশালে গত শুক্রবার ট্রাকচাপায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া, বরিশালের উজিরপুর, বগুড়ার শিবগঞ্জ ও চট্টগ্রামের পটিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: বরিশাল-পটুয়াখালী সড়কের রূপাতলী গ্যাস টারবাইন এলাকায় শুক্রবার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা মুক্তিযোদ্ধা মো. আজিজ (৬০) নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি বরিশাল নগরের পূর্ব রূপাতলী এলাকায়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের পাশে গতকাল শনিবার নাজমুন নাহার (১৭) নামের এক কলেজছাত্রী ট্রাকচাপায় নিহত হয়। সে তাড়াশ উপজেলার দৌবিলা গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে। গৌরনদী (বরিশাল): উজিরপুর উপজেলা সদরের বিএন খান কলেজ গেটসংলগ্ন চৌরাস্তায় গতকাল যাত্রীবাহী একটি মিশুকের চাপায় মহাব্বত আলী (৬৫) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি উজিরপুর উপজেলার রৈভদ্রী গ্রামে।শিবগঞ্জ (বগুড়া): বগুড়া-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার শহরতলি এলাকায় শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী সদর উপজেলার ধলমোহনী গ্রামের বেবী খাতুন (৩২) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নৌটিকা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) নিহত হন।পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় গত শুক্রবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী সৈয়দ নুর এবং তাঁর দুই শিশুসন্তান ফামিম (৬) ও মাহিম (৫) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী নিপা আকতার। পটিয়ার বেল্লাপাড়া ব্রিজ এলাকার আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।