মুক্তিযোদ্ধাসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় এক মুক্তিযোদ্ধাসহ নয়জন নিহত হয়েছেন। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে ৯৯ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৮৫৭। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধা সুবেদার সামছল হক (৭০) নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরে সকালে দেড় ঘণ্টার ব্যবধানে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন অমর জ্যোতি চাকমা (২৩)। আটটায় নগরের ইপিজেড থানার ২ নম্বর মাইলের মাথা এলাকায় বাসের ধাক্কায় নিহত হন পোশাকশ্রমিক অমর জ্যোতি চাকমা। এর আগে আগ্রাবাদের বাদামতলী এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনায় পণ্যবাহী এক ট্রাকচালকের সহযোগী জামাল মিয়া নিহত হয়েছেন।

বগুড়ার আদমদীঘির ইন্দইল ব্রিজ নামক স্থানে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় এক ভটভটির যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম মনোরঞ্জন সরকার (৩৮)। সুনামগঞ্জের দিরাইয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সুজানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেলে অটোরিকশার চালক গচিয়া গ্রামের বাদশা মিয়া (২৬) নিহত হন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া লালমাটি এলাকায় শনিবার রাতে মুরগিবোঝাই পিকআপ ভ্যান ও মালবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক শাহাজাহান মিয়া (৩০) নিহত হন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একই রাতে একটি গাড়িচাপায় জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নওগাঁর পোরশায় শনিবার সড়ক দুর্ঘটনায় আহত পোরশা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মারা গেছেন।