মুক্তির আনন্দে উচ্ছলিত কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক যখন খালাস পাওয়া আসামিদের নাম ঘোষণা করছিলেন, তখন গোটা এজলাসকক্ষ হাসি-কান্নায় একাকার। বিচারকের কণ্ঠে খালাসপ্রাপ্ত আসামিদের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন আরেকজনকে জড়িয়ে ধরে অঝরধারায় কাঁদছিলেন। আনন্দে উচ্ছলিত কান্না।
নির্দোষ হিসেবে নিজের নামটি শোনার পর কেউ খুশিতে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, কেউ চিৎকার করে উল্লাস করছেন, কেউবা নিঃশব্দে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে আকাশের দিকে তাকাচ্ছিলেন। তাঁদের চোখেমুখে, দেহভঙ্গিতে মুক্তির বাঁধভাঙা উচ্ছ্বাস।
বিডিআর মামলার রায়ের দিন গতকাল বিচারক যখন একে একে খালাসপ্রাপ্তদের নাম উচ্চারণ করছিলেন, তখন খালাসপ্রাপ্তদের এ রকম অভিব্যক্তি এজলাসকক্ষের মানুষদেরও আবেগাপ্লুত করেছিল। রায়ে বিডিআর মামলায় ২৭৭ জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এজলাসে লোহার শিকের বিশাল কাঠগড়া। প্রায় সাড়ে আট শ আসামিকে হাজির করা হয়েছিল কাঠগড়ায়। আসামিদের পায়ে ডাণ্ডাবেড়ি।
বিচারক প্রথম ধাপে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিতদের নাম ঘোষণা করার পর ১০ বছরের দণ্ডিতদের নাম ঘোষণা করেন। এর পরই খালাসপ্রাপ্তদের নাম ঘোষণা করা শুরু হয়। একে একে তাঁদের কাঠগড়ার আলাদা একটি স্থানে হাজির করা হয়। খালসপ্রাপ্তদের নাম ঘোষণা শেষে তাঁদের সারি ধরে কারা-ভ্যানে তোলা হচ্ছিল। কাঠগড়া থেকে বেরিয়ে খালাসপ্রাপ্তরা ভ্যানে ওঠার সময় আনন্দে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িয়ে ধরে কাঁদছিলেন।
ভ্যানের ফোকর দিয়ে পঞ্চাশোর্ধ্ব একজন কাঁদতে কাঁদতে জানালেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। নিজেই নিজের পরিচয় দিয়ে বললেন, ‘আমার নাম হাবিলদার ওমর আলী, কুড়িগ্রামের উলিপুরে আমার বাড়ি। ন্যায়বিচার পাইছি। আর কোনো চিন্তা নাই।’
খালাসপ্রাপ্ত আরেকজন নায়েক মতিউর রহমান। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে সাদাপাকা চুল-দাড়ির এই মানুষটির। গলাও ভেঙেছেন চিৎকার করতে করতে। ভাঙা গলায় তিনিও চিৎকার করে বলছেন, ‘আমার মান আল্লায় রাখছে।’
হাবিলদার মাহবুব নামের এক মধ্যবয়সী বলছিলেন, ‘এখন আর চিন্তা নাই, বাড়ি ফিরা যামু।’
নায়েক সুবেদার জুবায়ের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ ঝেড়ে বললেন, ‘জুলুম থেকে রক্ষা পাইছি, সত্যের জয় হইছে।’
খালাসপ্রাপ্তদের দ্রুতই কারা-ভ্যানে তুলে আদালতস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। অনেক দিন বন্দী থাকা মানুষগুলোর চাপা পড়া দুঃখ-বেদনা ও মুক্তির আনন্দে একাকার হয়ে উঠেছিল একেকটি কারা-ভ্যান।