মুক্তির ঠিকানা পেল ৩০০টি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাঁচার মুখ খুলে দিতেই পাখিগুলো পলকে মিলিয়ে গেল আকাশে। দু-একটি মুনিয়া পালানোর পথ না পেয়ে এদিক-ওদিক ঘুরঘুর করছিল। একপর্যায়ে তারাও খুঁজে নিল মুক্তির ঠিকানা। মুক্তির আনন্দে ওরা যেন আত্মহারা।পাঁচটি খাঁচা খালি করে এভাবেই বেরিয়ে গেল ৩০০টি পাখি। গত সোমবার সন্ধ্যায় ও গতকাল মঙ্গলবার সকালে পাখিগুলো অবমুক্ত করা হয়। রাজশাহীতে বন বিভাগের উদ্যোগে ও র‌্যাবের সহযোগিতায় পাখিগুলো অবমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাখি ব্যবসার সঙ্গে জড়িত পাঁচটি প্রতিষ্ঠানকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার দোসর মণ্ডলের মোড় এলাকায় দীর্ঘদিন ধরে পাখি ব্যবসায়ীরা খাঁচাবন্দী দেশীয় টিয়া, মদন টিয়া, ঘুঘু, মুনিয়া, তোতা ও ময়না পাখি বিক্রি করে আসছিলেন। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে গত সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিসমিল্লাহ বার্ড প্যালেস, রনিং বার্ড প্যালেস, আল্লাহ বার্ড প্যালেস, আসিফ বার্ড প্যালেস ও লিয়াকত বার্ড প্যালেস থেকে ৩০০টি পাখি জব্দ করা হয়। এর মধ্যে মুনিয়া ও টিয়া পাখির সংখ্যাই বেশি।অভিযানে অংশ নেওয়া রাজশাহীর সহকারী বন সংরক্ষক এস এম সোয়াইব খান জানান, বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ওই পাঁচ প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় কিছু পাখি অবমুক্ত করে দেওয়ার পর রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট পাখিগুলো জব্দ করে রাখা হয়। গতকাল বেলা ১১টার দিকে সেগুলো রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবমুক্ত করেন। তবে অসুস্থ তিনটি টিয়া উড়ে যেতে পারেনি। টিয়া তিনটিকে জেলা প্রশাসকের বাংলোয় রেখে শুশ্রূষা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাদের মুক্ত করে দেওয়া হবে।