মুক্তির দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গতকাল সোমবার নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্র রাজীব কান্তি শীলকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রাজীবের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ইনস্টিটিউটের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও কর্মচারীরা।

 গতকাল বিকেলে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আফতাবুজ্জামানের আদালতে রাজীবের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালত আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন।

রিমান্ড আবেদনে এসআই মকবুল উল্লেখ করেন, শনিবার দুই দফায় চারুকলার (আর্ট কলেজ) মাঠে খেলতে গেলে শিশুটিকে আইসক্রিম ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কলেজের একটি কক্ষে নিয়ে যৌন হয়রানি করেন দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব।

রাজীবের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ প্রসঙ্গে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ বলেন, রাজীবের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ একেবারে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর পেছনে মাদক ব্যবসায়ী-মাদকসেবী ও যারা চায় না নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এখানে থাকুক তারা ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহী পারভেজ বলেন, শিশুটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

রোববার নগরের দেওভোগে অবস্থিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীবকে যৌন নিপীড়নের অভিযোগে কলেজের ভেতর থেকে ধরে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। এ ঘটনায় ওই শিশুর মা রোববার সদর
মডেল থানায় মামলা করেন। শিশুর মা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এক নেতার বড় ভাইয়ের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

এদিকে রাজীবের মুক্তির দাবিতে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, চারুকলা ইনস্টিটিউটকে উচ্ছেদের জন্য রাজীবকে বলির পাঁঠা বানানো হয়েছে। জাহিদ হৃদয় নামের এক শিক্ষার্থী বলেন, রাজীব মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এটাকে কেন্দ্র করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ নিজেদের চিত্রকর্ম পুড়িয়ে ফেলেন।