ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘আওয়ামী লীগ নেতা’ আলমগীর কবিরের মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। গত বুধবার তাঁকে প্রতারণার অভিযোগে হওয়া একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
দলীয় কোন্দলের জের ধরে তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ মামলা করেছে বলে অভিযোগ করেছেন আলমগীরের পরিবার ও তাঁর সর্মথকেরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি দাবি করেন, গ্রেপ্তার হওয়া আলমগীর উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য নন।
খোঁজ নিয়ে জানা গেছে, আলমগীর জেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক পক্ষের সমর্থক। নানা ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। অবশ্য আলমগীরের সমর্থকেরা দাবি করেছেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়াম্যান তানভির ভূঁইয়ার সহযোগী চর ইসলামপুর গ্রামের আবদুল মতিন গত বুধবার সকালে আলমগীরের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জের ধরে তাঁর সমর্থকেরা গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা এলাকায় তাঁর মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিজয়নগর উপজেলা থেকে সদস্য পদে প্রার্থী হিসেবে আলমগীর অংশ নেন। নির্বাচনে আলমগীর অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার কাছে এক ভোটে হেরে যান।
আলমগীরের ছোট বোন সামছুন্নাহার ঝর্ণাসহ তাঁর সমর্থকেরা জানান, জেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধনের সময় মন্ত্রী ছায়েদুল হক ও শফিকুল আলমের পক্ষে কাজ করার কারণে আলমগীরের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনের পর থেকেই তাঁর সঙ্গে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভির ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দ্বন্দ্ব দেখা দেয়। এসব ঘটনার জের ধরেই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘ আলমগীরের বিরুদ্ধে কে বা কারা মামলা করেছে আমি জানি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি আলী আরশাদ বলেন, একটি প্রতারণা মামলায় আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়। মহাসড়ক অবরোধের ঘটনায় আটক তরুণের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে।