মুক্তির পরপর জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পেয়েও বাড়ি ফিরতে পারলেন না ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের শুরা সদস্য মোতাহার হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাইরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের কারণ জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, মোতাহারের নেতৃত্বে হরিণাকুণ্ডু উপজেলা ও তার আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন সময় হরতাল চলাকালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ৩ মার্চ জামায়াতের ডাকা হরতাল চলাকালে হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে কর্তব্যরত পুলিশ কনস্টেবল ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ মামলার প্রধান আসামি হিসেবে তিনি জেলা কারাগারে ছিলেন। ওই মামলায় তিনি জামিন পান। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। বিকেল থেকে কারাগারের সামনে হরিণাকুণ্ডু থানা পুলিশের কয়েকজন সদস্যকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধ্যায় কারাগার থেকে বের হয়ে রাস্তায় ওঠামাত্র পুলিশ আটক করে।