মুক্তির মুক্তি মিলল আত্মহননে!
উত্ত্যক্তকারীর কবল থেকে রেহাই পেতে ফরিদপুর সদর উপজেলার মুক্তি রানী মণ্ডল (১৪) নামের এক মেয়ে স্কুল পাল্টায়। আশ্রয় নেয় বাবার বাড়ি ছেড়ে মামার বাড়িতে। এর পরও শেষ রক্ষা হয়নি তার। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর উত্ত্যক্তকারী তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে লজ্জা ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করে সে। পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তির বাড়ি ফরিদপুর সদরের বিষ্ণুপুর গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। সে স্থানীয় মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় একই গ্রামের বখাটে সুব্রত কুমার দাস (২১) তাকে উত্ত্যক্ত করত। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণমান্য ব্যক্তিদের জানিয়ে এর প্রতিকার চায় তার পরিবার।একপর্যায়ে মুক্তিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে তার মামার বাড়িতে পাঠানো হয়। সেখানে গাজনা উচ্চবিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে সম্প্রতি বাড়ি ফেরে সে। গত বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরোলে ওত পেতে থাকা সুব্রত তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মুক্তির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে সুব্রত পালিয়ে যায়। পরদিন তাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গত শুক্রবার দুপুর দেড়টার দিকে মুক্তি বিষপান করে। ওই দিনই তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে মুক্তির মৃত্যু হয়। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাসারুল আলম প্রথম আলোকে বলেন, ‘সুব্রত বহু দিন ধরে মুক্তিকে উত্ত্যক্ত করছিল। মৃত্যুর দুই দিন আগেও মুক্তির বাবা শ্রীকান্ত আমার কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়েছিল। কিন্তু আমরা মেয়েটাকে বাঁচাতে পারিনি।’পুলিশ মুক্তির লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে পরিবারের সদস্যদের হাতে তার লাশ তুলে দেওয়া হয়। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আহমেদ বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করব। কোতোয়ালি ও মধুখালী উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’ মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।