রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনোলজির প্রকৌশলীসহ অপহূত পাঁচজনের মুক্তির বিষয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো সুখবর পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম জানান, অপহূত ব্যক্তিদের মুক্তির বিষয়ে কোনো সুখবর আসেনি। তবে বিভিন্ন মাধ্যমে অপহূত ব্যক্তিদের মুক্তির চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। অপহূত টেকনিশিয়ান মো. হেমায়েত হোসেনের বাবা রেজাউল মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সুখবর না পাওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। কখন ছেলেকে ফিরে পাব, জানি না।’ গত মঙ্গলবার পুলিশ প্রশাসন অপহূত ব্যক্তিদের মুক্তির বিষয়ে গতকাল সুখবর পাওয়ার আশা করেছিল। সে অনুসারে দিনভর প্রচেষ্টাও চালানো হয় বলে জানা গেছে। তবে কী কারণে তা হয়নি, সে ব্যাপারে কেউ মুখ খোলেননি। ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমানকে অপহরণ করে। এরপর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। বি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা দিন সুখবরের অপেক্ষায় ছিলাম। কারণ, অপহূত ব্যক্তিদের মুক্তি পাওয়ার বিষয়ে আমরা শুনেছি। তবে আমাদের আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।’