সিলেটের স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্স’ গেদা মিয়াকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে মহানগর হাকিম আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. ফজলে আজিম পাটওয়ারী প্রথম আলোকে জানিয়েছেন, গেদাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
নগরের হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাঈদকে গত বুধবার অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। গত শনিবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় মহানগর পুলিশের কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এবাদুরসহ কুমারপাড়ায় বসবাসকারী ‘সোর্স’ গেদা মিয়া ও ওলামা লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীবকে গ্রেপ্তার করে পুলিশ। এবাদুর ও রাকীব সাঈদকে অপহরণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
দুজনের জবানবন্দিতে ঘটনার সঙ্গে মুহিবুল ইসলাম ওরফে মাসুম নামে জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক পদে থাকা একজন ও অজ্ঞাতনামা আরেকজনের নাম প্রকাশ পাওয়ায় তাঁদের অবস্থান জানতে গেদাকে গত সোমবার তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
অপহরণ ও হত্যার বর্ণনা দুজনের জবানবন্দিতেপুলিশ সূত্রে জানা গেছে, গেদা ঘটনার কিছু বর্ণনা দিলেও পুরোপুরি মুখ খুলছেন না। পলাতক মাসুম ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি সম্পর্কে কিছু খণ্ডিত তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করতে পুলিশের দুটি দল তৎপরতা চালিয়েছে। আরও তথ্যের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
মানববন্ধন: অপহরণ করে সাঈদকে হত্যার ঘটনায় সিলেটে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মহানগর শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাফছা আক্তার, মতিলাল গুপ্ত, নুরুল ইসলাম, নিকেতন দাস, সেলিনা বেগম, সালমা জাহান, কানিজ আয়েশাসহ নগরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বক্তারা সাঈদ হত্যারকারীদের দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের শিক্ষার্থী সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, সে জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’