মুখ খোলা যায় না, না খুললেও হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার আপন মামা আবদুর রউফ আওয়ামী লীগের প্রার্থী। আমার সেজো চাচার ছেলে সিরাজুল ইসলাম বিএনপির প্রার্থী। আর বড় চাচার ছেলে মাজেদুর রহমান জামায়াতের প্রার্থী। আমি ব্যবসায়ী মানুষ। রাজনীতি করি না, সবার সঙ্গেই আমার সম্পর্ক ভালো। আমার একজনের পক্ষে মাঠে নামা মানে আরেকজনের বিরুদ্ধে যাওয়া। আমি কারও পক্ষে প্রকাশ্যে কথা বলতে পারছি না। আমি তাই চুপচাপ বসে আছি।’ এভাবেই নানামুখী সংকটের কথা প্রকাশ করেন রাজশাহীর কাটাখালী পৌর এলাকার শ্যামপুর মহল্লার ব্যবসায়ী আনোয়ার সাদাত ওরফে রাজা।ব্যবসায়ী আনোয়ার সাদাত আরও জানান, তাঁর বড় ভাই কাটাখালী পৌর বিএনপির সভাপতি। তাঁর তো দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে নেমে পড়েছেন। এতে করে আপন মামা এবং আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামতে হয়েছে। কিন্তু তাঁদের আত্মীয়স্বজন যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন তাঁরা কারও পক্ষেই মুখ খুলতে পারছেন না।একই মহল্লার আমিনুল ইসলাম বলেন, ‘আমি বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ও জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের চাচা। সেই সূত্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রউফেরও আত্মীয়। ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মধ্যে তিনজন প্রার্থী হওয়ায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আমি আমার ভোটটি কাকে দেব, তা আমার স্ত্রীকেও বলিনি। আমি আমার স্ত্রীকেও বলে দিয়েছি, তুমি তোমার খুশিমতো তিনজনের যেকোনো একজনকে তোমার ভোটটা দিতে পারো। সেটা আমাকে বলারও প্রয়োজন নেই। এখন প্রকাশ্যে কারও পক্ষে মাঠে নামা মানে দুজনের বিপক্ষে মাঠে নামা। আমরা সেটা করতে পারছি না।’শ্যামপুর এলাকার বাসিন্দা ও কাটাখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, পরস্পরের আত্মীয়তা থাকলেও শ্যামপুরে আওয়ামী লীগের প্রার্থীই বেশি ভোট পাবেন।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুর রউফ বলেন, আত্মীয় সম্পর্ক থাকা কোনো সমস্যা নয়। গত জাতীয় ও উপজেলা নির্বাচনে শ্যামপুরে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এবারও তাই হবে। এ ছাড়া যেসব আত্মীয়স্বজন সরাসরি রাজনীতি করেন না, তাঁরা সম্ভাবনাময় প্রার্থীকেই ভোট দেবেন।জামায়াত-সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান বলেন, ‘হ্যাঁ, ভোটাররা কিছুটা বিপদেই পড়েছেন। একদিকে মামা অপর দিকে দুই ভাগ্নে। তাঁরা কাকে ভোট দেবেন ভেবে উঠতে পারছেন না। তবে আমি দীর্ঘদিন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে আমার সব ওয়ার্ডেই ভোট রয়েছে। শুধু জামায়াতের ভোটের ভরসায় আমি নির্বাচনে দাঁড়াইনি। আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরাই আমাকে ভোটে দাঁড়ানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। তাই আমি পাস করার ব্যাপারে খুবই আশাবাদী।’বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘কাটাখালী পৌর এলাকায় জামায়াত-আওয়ামী লীগ মিলে যে ভোট পায়, বিএনপি একাই সেই পরিমাণ ভোট পায়। আত্মীয়স্বজনের বেশির ভাগই প্রকাশ্যে আমার সঙ্গে রয়েছেন। আমার চাচাতো ভাই মাজেদুর রহমান প্রশাসক হিসেবে আট বছর ক্ষমতায় ছিলেন। পৌর এলাকায় রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেননি। কেন তাঁকে মানুষ ভোট দেবে?’