মুখ চেপে দেওয়া হতো ছ্যাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ পছন্দ না হলে চড়-থাপড়, কিল-ঘুসি জুটত। কখনো কখনো গরম খুনতির ছ্যাঁকা দেওয়া হতো দুই হাতের তালু ও পায়ের তলায়। পিটুনিতে বাঁ চোখ ফুলে গেছে মেয়েটির, পড়েছে কালশিরা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নির্যাতনের সময় হাত ও মুখ চেপে ধরে রাখা হতো বলে অভিযোগ করে ছোট্ট তাসলিমা (১১)।মেয়েটির পুরো নাম তাসলিমা খাতুন, ডাক নাম রিপা। বাড়ি রংপুর সদর উপজেলার কারাগঞ্জ গ্রামে। তার বাবার নাম আবু তালেব মিয়া। সর্বশেষ সে সাতক্ষীরা শহরে কাছারিপাড়ায় অবসরপ্রাপ্ত এক সাবরেজিস্ট্রারের বাড়িতে কাজ করত। নির্যাতন সইতে না পেরে গত সোমবার রাতে ওই বাড়ি থেকে পালিয়ে আসে তাসলিমা। পরে এক পৌর কাউন্সিলরের সহায়তায় ঠাঁই হয় থানাহাজতে।তাসলিমার নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার আটটি মানবাধিকার সংগঠনসহ ১২টি সংগঠন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। বুধবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাসলিমাকে নিতে তার বাবা থানায় এসেছেন।থানাহাজতে বসে তাসলিমা জানায়, সৎমায়ের অত্যাচারে বছর খানেক আগে চাচির হাত ধরে ঢাকায় আসে সে। গৃহপরিচারিকার কাজ জোটে কলাবাগানের বাসিন্দা আরিফ আহসানুল্লাহর বাসায়। সাত-আট মাস পর মেয়েটির বাবা তাকে নিতে এলে যেতে দেওয়া হয়নি। আরিফের স্ত্রী সেওতি রহমান তাকে তাঁর (সেওতির) বাবার বাড়ি সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় পাঠিয়ে দেন।কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা তার ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দেয়। সে জানায়, ঢাকার বাসায় তাকে প্রায়ই চড়, কিল ও লাঠিপেটা করা হতো। মাঝেমধ্যে খুনতি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো। সাতক্ষীরায় আসার পর সেওতির মায়ের কাজ গুছিয়ে করতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সামবার সন্ধ্যায় সে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় অবস্থিত ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার শেখ করিমজান জানান, মেয়েটি কালাবাগানে তাঁর মেয়ে সেওতি রহমানের বাসায় কাজ করত। দিন পনেরো আগে বেড়াতে আসার সময় তাসলিমাকে সাতক্ষীরা নিয়ে আসেন তাঁর মেয়ে। এখানে আসার পর পড়ে গিয়ে তার চোখে আঘাত লাগে। তবে তাঁর স্ত্রী যুঁথি মাঝেমধ্যে এক-দুটি চড় মেরেছেন। তিনি দাবি করেন, মেয়েটির হাতে ও পায়ে পানিবাহিত রোগে ঘা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহাজাহান খান জানান, শিশুটিকে থানায় আনার পর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাসলিমাকে চিকিৎসা দিয়েছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আবদুল গফুর। তিনি জানান, মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।