মুখ থুবড়ে পড়েছে 'স্কুল ব্যাংকিং' প্রকল্প
শিশু শিক্ষার্থীদের সঞ্চয় করার প্রবণতা বাড়ানোর জন্য তিন বছর আগে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি তফসিলভুক্ত ব্যাংক এ প্রকল্প ‘স্কুল ব্যাংকিং’ নামে ও বেসরকারি ব্যাংক ‘স্টুডেন্টস ব্যাংকিং’ নামে চালায়।
শুরুতে শিক্ষার্থীরা ব্যাংকে হিসাব খোলার জন্য ভিড় করলেও এখন হিসাবগুলোতে কোনো লেনদেন নেই। ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহ না থাকায় বাংলাদেশ ব্যাংকের এ প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি-বেসরকারি মোট ১০টি ব্যাংকের শাখা রয়েছে। গত কয়েক দিনে এসব ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩৯১টি ও ইসলামী ব্যাংকে ৩৫২টি এ ধরনের হিসাব খোলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ব্যাংকে মাত্র ৮-১০টি হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে লেনদেন হয় না বললেই চলে। দুপচাঁচিয়া উপজেলায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৫টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং ২৮টি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ব্যাংক সূত্র জানায়, হিসাব খোলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও তার বাবা অথবা মায়ের যৌথ স্বাক্ষরে ১০০ টাকা দিয়ে হিসাব খুলতে হয়। এ হিসাবে চেক বই ইস্যু করা হয় না। কোনো শিক্ষার্থীর টাকা ওঠানোর প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে তাদের যৌথ স্বাক্ষরে ভাউচারের মাধ্যমে টাকা ওঠাতে হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্বাক্ষরে হিসাব খুলতে ও লেনদেন করতে পারে। তাদের নামে চেক বই দেওয়া হয়। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে এ হিসাব নম্বরে সারা জীবন লেনদেন করতে পারবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক সারোওয়ার হোসেন বলেন, সীমিত জনবল নিয়ে ব্যাংকের নিয়মিত কাজ করতেই দিন যায়। সুযোগ পেলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে হিসাব খোলার কথা বলা হয়। তিনি আরও বলেন, স্কুলের সময় ও ব্যাংকিং সময় একই হওয়ায় হিসাবগুলোতে লেনদেন করতে অসুবিধা হচ্ছে। আবার অভিভাবক নিয়ে শিক্ষার্থীদের এসে লেনদেনের কারণে অভিভাবকেরাও ঝামেলা মনে করেন। অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইয়াছিন আলী বলেন, মফস্বলের তুলনায় শহরে এ ধরনের হিসাব খোলার প্রবণতা বেশি। এবার জানুয়ারি মাসে স্কুলগুলোতে জোর প্রচারণা চালানো হবে।
অগ্রণী ব্যাংক লিমিটেড বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শহীদুল্লাহ জানান, দেশের আর্থিক উন্নয়নে স্কুল ব্যাংকিং ব্যবস্থা একটি ভালো উদ্যোগ। প্রয়োজন হলে স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে হিসাব খোলার কাগজপত্র দিয়ে শিক্ষার্থীদের সঞ্চয়ে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, স্কুল সময়ের পর কোনো শিক্ষার্থী ব্যাংকে এলে তার কাজ ব্যাংক করবে।