মুখ থুবড়ে পড়েছে রাখাইন সংস্কৃতিচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় অবস্থিত বৌদ্ধ কৃষ্টি একাডেমি ভবনটি বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরগুনার তালতলী উপজেলায় অবস্থিত বৌদ্ধ কৃষ্টি একাডেমি ভবনটি বেহাল। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরগুনার তালতলী উপজেলার বৌদ্ধ কৃষ্টি একাডেমি। একসময় ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইনদের সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র। সেখানে দলে দলে আসত নানা বয়সের মানুষ। হতো রাখাইনদের ঐতিহ্যবাহী গানবাজনা। চলত নাচের তালিম। আর পাঠাগারে বইপড়ায় মগ্ন থাকত অনেকে। কিন্তু এখন এসব কেবলই স্মৃতি। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত। এ কারণে উপজেলায় মুখ থুবড়ে পড়েছে রাখাইনদের সংস্কৃতিচর্চা।

সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান প্রথম আলোকে বলেন, রাখাইন সংস্কৃতি বিকাশের জন্য উপজেলা সদরে ১৯৭৮ সালে বৌদ্ধ কৃষ্টি একাডেমির একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে একটি পাঠাগার ও বিনোদনের জন্য বিশাল সম্মেলনকক্ষসহ আটটি কক্ষ রয়েছে। কিন্তু সংস্কারের অভাবে ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনের পলেস্তারা খসে গেছে। দরজা-জানালার চৌকাঠ, গ্রিল কিছুই নেই। সব চুরি হয়ে গেছে। একটি কক্ষে কয়েকটি ভাঙা চেয়ার-টেবিল ও মরিচা ধরা স্টিলের আলমারি পড়ে আছে। ছাদ ধসে পড়ায় পাঠাগারের মূল্যবান বইপত্র ও রাখাইন ভাষায় রচিত বিভিন্ন সাময়িকী নষ্ট হচ্ছে। একসময় এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল। কিন্তু পরিত্যক্ত এ ভবনে আর কোনো অতিথি থাকার উপায় নেই।

তালতলী ডিগ্রি কলেজের শিক্ষক খেনচেন রাখাইন বলেন, ভবনটি নির্মাণের পর তৎকালীন সরকার সহস্রাধিক বই, বিনোদনের জন্য টেলিভিশন, দেড় শতাধিক চেয়ার, ছয়টি টেবিল, একটি স্টিলের আলমারি, চারটি খাট ও একটি মাইক দিয়েছিল। উপজেলার রাখাইন সম্প্রদায়ের চিত্তবিনোদনের একমাত্র কেন্দ্রস্থলটি সব সময় সরগরম থাকত। কিন্তু সংস্কারের অভাবে তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর পাঠাগারে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও ঐতিহাসিক অনেক মূল্যবান বই ছিল। এখানে এসে রাখাইন ছেলেমেয়েরা নিজেদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পেত। ঐতিহ্যবাহী রাখাইন নাচ-গান ও যন্ত্রসংগীতচর্চার ব্যবস্থা ছিল। এখন আর এসব হয় না। হারিয়ে যেতে বসেছে রাখাইনদের কৃষ্টি ও সংস্কৃতি।

রাখাইন সম্প্রদায়ের কয়েকজন নেতা বলেন, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর বৌদ্ধ কৃষ্টি একাডেমি ভবনটির নাম বদলে রাখা হয় রাখাইন কনভেনশন সেন্টার। বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু এত দিনেও সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এখন যা অবস্থা, নতুন ভবন নির্মাণ করা ছাড়া আর গতি নেই।

রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মংখেলনা বলেন, ‘এ উপজেলায় রাখাইন সম্প্রদায়ের লোকসংখ্যা প্রায় আড়াই হাজার। রাখাইন সংস্কৃতি বিকাশের প্রাণকেন্দ্র এ বৌদ্ধ কৃষ্টি একাডেমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রায় আড়াই বছর আগে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। চর্চার অভাবে আমাদের সংস্কৃতির অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। নতুন ভবন নির্মাণ করা না হলে অন্তত পুরোনো ভবনটি সংস্কার করা জরুরি।’

ইউএনও মো. ইসরাইল হোসেন বলেন, তালতলীর রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। এ জন্য তাঁদের বৌদ্ধ কৃষ্টি একাডেমি ভবনটি সংস্কার করা দরকার। যাতে তাঁরা আগের মতো সংস্কৃতিচর্চার সুযোগ পায়। সংশ্লিষ্ট বিভাগে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।