মুখ ফিরিয়ে নিচ্ছে রোগীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ওয়ার্ডের চিত্র। গত মঙ্গলবার দুপুর ১২টায় তোলা ছবি l প্রথম আলো
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ওয়ার্ডের চিত্র। গত মঙ্গলবার দুপুর ১২টায় তোলা ছবি l প্রথম আলো

চিকিৎসকদের অনুপস্থিতি, দালালদের দৌরাত্ম্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা এবং ওষুধ সরবরাহে ঘাটতি থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ায় এই হাসপাতাল থেকে রোগীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে স্থানীয় অনেকে অভিযোগ করেছেন।
গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পাওয়া, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, দালালদের দৌরাত্ম্য, ওষুধ সরবরাহ কম ও নোংরা পরিবেশের কারণে উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটিতে এখন রোগীর সংখ্যা একেবারে কমে গেছে।
সরেজমিনে দেখা যায়, ৩১ শয্যার মধ্যে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ছয়জন ও মহিলা ওয়ার্ডে চারজন রোগী ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার দামোদরদী গ্রামের কৃষক আবদুল গনি মিয়া বলেন, এ হাসপাতালে চিকিৎসকদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। তা ছাড়া দালালদের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে হাসপাতালে ভর্তি হতে হয়। এ কারণে এখানে কেউ ভর্তি হতে চায় না। উলুকান্দি গ্রামের বাসিন্দা মোমেনা খাতুন বলেন, হাসপাতালের ১০৪ নম্বর কক্ষটি মা ও শিশুদের চিকিৎসার জন্য নির্ধারিত। অথচ টানা দুদিন এ কক্ষের সামনে দুই থেকে তিন ঘণ্টা বসে থেকেও তিনি কোনো চিকিৎসকের দেখা পাননি।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় আহত একজন নারীর পায়ে ব্যান্ডেজ করছেন হাসপাতালের ওয়ার্ড বয় কাম এমএলএসএস মোস্তফা মিয়া ও অফিস সহকারী আবদুল মান্নান। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া মতিন অন্য একটি কক্ষে বসে আছেন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার হাসপাতালে আটজন চিকিৎসক উপস্থিত ছিলেন। মোস্তফা মিয়া বলেন, ‘আমরাই সব সময় এ বিভাগে আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিই। এ ধারাবাহিকতায় আজও রোগীদের সেবা দিচ্ছি।’ মারিয়া মতিন বলেন, ‘আমি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তারা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে।’
সোনারগাঁয়ের মানবাধিকার নেত্রী ও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহানারা বেগম বলেন, হাসপাতালটি দেখার যেন কেউ নেই। ঢাকার কাছে হওয়ায় রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকেরা এখানে বদলি হয়ে এসে ব্যক্তিগত প্র্যাকটিসে বেশি ব্যস্ত থাকেন। তিনি আরও বলেন, এ হাসপাতালে রোগী তেমন না থাকলেও আশপাশের ক্লিনিকগুলোতে রোগীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাসপাতালটিতে বর্তমানে ২৫ জন চিকিৎসক কর্মরত আছেন। হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল বাহার বেশ কিছুদিন ধরে ছুটিতে আছেন। মুঠোফোনে ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, ‘যে চিকিৎসকেরা নিয়মিত আসেন না, তাঁদের তালিকা আমরা করেছি। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহসানুল হক বলেন, ‘রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সরকারিভাবে বরাদ্দ সব ওষুধ রোগীদের দেওয়া হয়। যাঁরা নিয়মিত অফিসে আসেন না, তাঁদের ইতিমধ্যে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। রোগী ভর্তি না হওয়ার কারণে বেড (শয্যা) খালি রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ‘সরকারি এই হাসপাতালটিতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আমাকে লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’