মুখপাত্র বদলিয়েছেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে এবার মুখপাত্র করেছেন। একই সঙ্গে তাঁকে জাপার নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ মুখপাত্র ছিলেন।
গতকাল শনিবার জাপার এক বিজ্ঞপ্তিতে ববি হাজ্জাজকে দুটি দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। তাতে বলা হয়, ববি এখন দলের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের সঙ্গে সব ধরনের নির্বাচনের ব্যাপারে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন।
সিএমএইচে ‘আটক’ এরশাদকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে গত ১৭ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্য যেতে বাধ্য হন ববি হাজ্জাজ। গত শুক্রবার তিনি দেশে ফেরেন। শনিবার মুখপাত্রের দায়িত্ব পান তিনি। এর আগে ববি জাপার রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি উইংয়ের (জেপিআরএসডব্লিউ) প্রধান ছিলেন।
এরশাদকে সিএমএইচে নেওয়ার পর ববি হাজ্জাজ পরদিন সংবাদ সম্মেলন ডেকে বলেন, এরশাদ অসুস্থ নন, তাঁকে গ্রেপ্তারের জন্য জোর করে সিএমএইচে আটকে রাখা হয়েছে। এ বক্তব্যের পর তাঁকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে দেশ ত্যাগে বাধ্য করা হয় বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।